প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৭:০৫ পিএম
ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল বিমানঘাঁটিতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার উড়োজাহাজ। ছবি : সিএনএন ইরানের হুমকির পর যুক্তরাজ্যে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে নিজেদের বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমানগুলো সরিয়ে নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
প্রতিবেদন অনুযায়ী, ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনো মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
সিএনএনের বিশ্লেষণ করা উড়োজাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সোমবার মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ১০টি জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি জার্মানির স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে, একটি রামস্টেইন বিমানঘাঁটিতে, চারটি স্পেনের মোরন বিমানঘাঁটিতে এবং একটি স্কটল্যান্ডের গ্লাসগো প্রেস্টউইক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এদিকে, মিলডেনহল ছাড়াও যুক্তরাজ্যের আরেকটি মার্কিন সামরিক ঘাঁটি আরএএফ লেকেনহিথের নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। ডব্লিউএসজে ও প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দ্য ওয়ার জোনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই ঘাঁটিতেই নিরাপত্তা সতর্কতা ‘এফপিসন চার্লি’ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
পেন্টাগনের নিরাপত্তাব্যবস্থায় এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। এ পর্যায়ের অর্থ হলো, কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। তবে সামরিক প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়।
এর আগে, গত মাসেও যুক্তরাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডকে কেন্দ্র করে ইরান-সংশ্লিষ্ট হুমকির ঘটনা ঘটেছিল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করেছিল। তবে নিরাপত্তার কারণে সেখান থেকে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়।
গত ২৭ সেপ্টেম্বর ভোরে ওই ঘাঁটির বাইরে থেকে পাঁচজনকে গ্রেফতারের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিটিশ প্রসিকিউটররা জাতীয় নিরাপত্তা আইনে দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পুলিশের সন্দেহ, তারা ইরানকে সহায়তা করছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ