প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
শ্রীলঙ্কার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশে তিনটি বাসের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ছবি : গালফ নিউজ শ্রীলঙ্কার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশে তিনটি বাসের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুরাধাপুরা জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ-৯ মহাসড়কের মেদাওয়াচ্চিয়া-রামবেওয়া অংশে রাষ্ট্রীয় মালিকানাধীন শ্রীলঙ্কা পরিবহন বোর্ডের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বেসরকারি বাস এসে ওই দুটি বাসের একটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় ক্যান্ডি জেলায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। একটি সিমেন্টবাহী মিক্সার ট্রাকের সঙ্গে কয়েকটি যানবাহন ও পথচারীর সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে থাকায় গত সেপ্টেম্বরে দেশজুড়ে জরিপ চালিয়ে দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ ৭১২টি স্থান চিহ্নিত করে পুলিশ। দেশটির পুলিশপ্রধান প্রিয়ন্থা উইরাসুরিয়া জানান, যেসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, সেসব স্থানের তথ্য সংগ্রহ করে সড়ক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০২৬ সালে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা আটটি বেশি। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও ১৬ বেড়েছে।
পুলিশপ্রধানের তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী ও মোটরসাইকেলচালকেরা। পথচারীদের অনেকেই সড়কের পাশে হাঁটা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হন। অন্যদিকে মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে অন্য যানবাহনের চেয়ে সড়কের পাশের স্থায়ী বস্তু বা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা বেশি দেখা যায়।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কায় মোট ২ হাজার ৫৬২টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সময়ের আলো/ইউএমএইচ