প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম
সংগৃহীত ছবিযুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবসর সময়ে নিবিড়ভাবে কুরআন পড়ছেন। কুরআনের পাশাপাশি বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থও পড়ছেন তিনি। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কারাগারে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় যাজকের সঙ্গেও নিয়মিত সাক্ষাৎ করছেন মাদুরো। বাইবেল ও কুরআনসহ নানা ধর্মীয় এবং দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। প্রকাশ্যে নিজের ইহুদি ঐতিহ্যের কথাও উল্লেখ করেছেন মাদুরো। তার দাবি, তিনি ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফারডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর।
তবে মাদুরোর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। একসময় তিনি ক্যাথলিক ধর্ম পালন করতেন। পাশাপাশি একজন ভারতীয় গুরুর অনুসারীও ছিলেন।
৬৩ বছর বয়সি মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচারসহ একাধিক অভিযোগে আগামী বছর বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। কারাগারে পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়ায় তার ওজন বেশ কমে গেছে বলে জানা গেছে।
অন্যদিকে, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস (৭০) কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে রয়েছেন। কারাগারে এক মারামারির ঘটনায় পেপার স্প্রের কারণে আহত হন তিনি। বুকে ব্যথা ও ওজন কমে যাওয়াসহ বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তির আবেদন করলেও বিচারক তা নাকচ করে দিয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ