সংগৃহীত ছবিবাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তারা গণমাধ্যমের প্রতিবেদন দেখেছেন। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে উপস্থাপনের চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক। খবর এএনআইয়ের।
ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে তুলে ধরার পেছনে বিদেশিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য বা সাজানো গল্প প্রচারের এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই কমিয়ে দিচ্ছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জয়সওয়াল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেন এসব খবরের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে প্রায় ১৫০ চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য দাবি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করছেন বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের একটি গণমাধ্যম। ওই প্রতিবেদনে বলা হয়, চীনা ব্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো এলাকাগুলোকে ভারতের রাজধানী হিসেবে তুলে ধরছিলেন। পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও নানা কটূক্তি করছিলেন।
প্রতিবেদনে একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচার করেন। এ সময় তিনি জায়গাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার পরিবেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ওই নারী বলেন, ‘এটি নয়াদিল্লি। এদের ঘরবাড়ি খুব নোংরা। টিনের চালের ভেতরে কোনো ফ্যানও নেই। এলাকাটি বেশ অনগ্রসর, নোংরা ও অস্বাস্থ্যকর। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।’
অন্য একটি ঘটনায় ওয়াং ওয়েই নামের আরেক ব্লগার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণের সময় স্থানীয়দের চা পান নিয়ে কটূক্তি করেন। তিনি বলেন, ‘দেখুন, এরা চা খাচ্ছে। আপনারা কি জানেন এটি কী চা? এটি গরুর মূত্রের চা। এরা গরুর মূত্র দিয়ে বানানো চা খায়।’
প্রতিবেদনে আরও বলা হয়, এসব ভুয়া ভিডিও উইচ্যাট ও ডাউয়িনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুমতি ছাড়া মানুষের ঘরের ভেতর, রান্নাঘর ও ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে ভিডিও ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
স্থানীয় কিছু মানুষ দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে এসব চীনা নাগরিককে এলাকা ঘুরে দেখতে সহায়তা করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। কেন এসব ভিডিও ধারণ করা হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সময়ের আলো/ইউএমএইচ