সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে পান্নুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ছবি : এনডিটিভি যুক্তরাষ্ট্রের আদালতে খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে মামলাটিকেও ‘তুচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ভারত।
মার্কিন পররাষ্ট্র দফতর কূটনৈতিক চ্যানেলে ভারতের সরকারের কাছে আদালতের সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করার পর নয়াদিল্লির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলাটি— দুটিই ভারত জোরালোভাবে প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ আক্রমণ আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে এ ধরনের তুচ্ছ মামলাও প্রত্যাখ্যান করছি। ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ কেবল দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর একটি কূটনৈতিক নোটে সই হওয়ার পর ৯ অক্টোবর কূটনৈতিক চ্যানেলে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে নথিগুলো পাঠানো হয়।
ওই নোটে যুক্তরাষ্ট্রের ফরেন সভরেন ইমিউনিটিজ অ্যাক্টের (এফএসআইএ) উল্লেখ করা হয়েছে। এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদালতে বিদেশি রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে কোন পরিস্থিতিতে আইনি কার্যক্রম পরিচালনা করা যাবে, তা নির্ধারিত হয়। কূটনৈতিক নোটে বলা হয়, জেলা আদালতের এ অনুরোধ কার্যকর করার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো এখতিয়ার নেই।
ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর (এসএফজে) আইনি উপদেষ্টা পান্নুন। যুক্তরাষ্ট্রে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে তিনি দেওয়ানি মামলাটি করেন। ওই ষড়যন্ত্রের পেছনে অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন তিনি।
বিভিন্ন সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে পান্নুনের বিরুদ্ধে মামলা রয়েছে। এসএফজেকেও ভারতে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে পান্নুনকে হত্যার চেষ্টা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের পৃথক একটি ফৌজদারি তদন্তের সঙ্গে দেওয়ানি মামলাটির যোগসূত্র রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে এ ঘটনা ব্যাপক আলোচনায় আসে। ওই সময় মার্কিন প্রসিকিউটররা ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তাদের দাবি, ভারত সরকারের এক কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তির সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনায় কাজ করছিলেন তিনি।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে পান্নুনকে হত্যার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগেই তা নস্যাৎ করা হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
একই হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে হলেও নিখিল গুপ্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পান্নুনের করা দেওয়ানি মামলা দুটি পৃথক আইনি প্রক্রিয়া।
সময়ের আলো/ইউএমএইচ