সংগৃহীত ছবিচলতি বছরের শুরুর দিকে ইসরাইলের প্ররোচনায় ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) পরিকল্পনা শুরু করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মদদে ইরানের অভ্যন্তরে বিদ্রোহ উসকে দেওয়ার চেষ্টা চলে। এতে সমর্থন জোগায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু বিদ্রোহে প্রত্যাশিত ফল না আসায় শুরু হয় সামরিক আগ্রাসন। প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করে মার্কিন-ইসরায়েলি বাহিনী। এমনকি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিশুকেও হত্যা করা হয়। শুরু হয় যুদ্ধ। কিন্তু পরিবর্তন হয়নি ইরানের শাসনব্যবস্থা। উল্টো সেই যুদ্ধের প্রভাবেই সরকার পরিবর্তনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের দল। অন্যদিকে সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলিরা।
মধ্যপ্রাচ্যের খনিজসম্পদে সমৃদ্ধ ইরানে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র কেন হামলা চালিয়েছিল, তা নিয়ে ট্রাম্প নিজেই একাধিকবার কথা বলেছেন। জেনেভায় শান্তি আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিকভাবে শুরু হওয়া ওই যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসক কিংবা শাসনব্যবস্থার পরিবর্তন।
ইরানের ক্ষমতাসীনদের সরিয়ে দিতে মরিয়া ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ধারণা ছিল, ইরানের বর্তমান শাসকদের ক্ষমতাচ্যুত করতে পারলে নিজের প্রায় ১৯ বছরের শাসন আরও শক্তিশালী করা যাবে। একই সঙ্গে নিজ দেশের জনগণের কাছেও তার জনপ্রিয়তা বাড়বে। এই উচ্চাকাঙ্ক্ষা পূরণে তিনি পাশে নেন ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পকে।
অন্যদিকে ট্রাম্পের প্রত্যাশা ছিল, ইরানে শাসক ও শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো গেলে ভেনেজুয়েলার মতো সেখানে একটি অনুগত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশটির তেল-গ্যাসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া যাবে। কম দামে এসব জ্বালানি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যবহার করতে পারবে। ইরানে হামলা শেষ পর্যন্ত দুই দেশের জনগণের জন্যই মঙ্গল বয়ে আনবে, এমন বার্তাই দিতে চেয়েছিলেন দুই নেতা।
বিশ্ববাসীর কাছে তারা যুক্তি দেখিয়েছিলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের শাসকগোষ্ঠী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্তিত্বের জন্যই হুমকি নয়, দেশটির পারমাণবিক কর্মসূচিও পুরো বিশ্বের জন্য বিপজ্জনক। এমনকি ইরানের শাসকরা নিজেদের দেশের জনগণের জন্যও ক্ষতিকর বলে দাবি করেছিলেন তারা।
ইরানের শীর্ষ নেতাদের হত্যার পর ট্রাম্প ও নেতানিয়াহু দাবি করেছিলেন, শিগগিরই দেশটির শাসনব্যবস্থার পতন ঘটবে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় ইরান যুদ্ধে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তারা আরও দাবি করেন, মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। হাজার বছরের সভ্যতার দেশটি পরাজয়ের দ্বারপ্রান্তে। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরাই এখন রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন।
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠার বিষয়টি সামনে আসার পর প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ‘ট্রাম্প যুগের অবসান’, ‘ট্রাম্প যুগের শেষের শুরু’ কিংবা ‘ট্রাম্পবাদের মৃত্যুঘণ্টা’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করছে। এ তালিকায় রয়েছে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন, দ্য ইকোনমিস্ট, এমএস নাউ, দ্য আটলান্টিক ও দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনগুলোর মূল বক্তব্য হলো, নিজেকে অত্যন্ত ক্ষমতাধর হিসেবে তুলে ধরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার পরিস্থিতি তৈরি হয়েছে। নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও ক্রমশ একঘরে হয়ে পড়ছেন তিনি। তার সমর্থকদের কেউ কেউ এখন ট্রাম্পকে দলের সম্পদ নয়, বরং সমস্যা হিসেবে দেখছেন। এমনকি অনেক বিশ্লেষকের মতে, তথাকথিত ট্রাম্প যুগের অবসান ঘটাতে বিরোধী ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানদের মধ্যেই আগ্রহ বেশি।
এ পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নির্বাচনে পরাজয়ের জন্য নিজেকে ছাড়া প্রায় সবাইকে দায়ী করেছেন। রিপাবলিকানপন্থি সংবাদমাধ্যম ফক্স নিউজের পাশাপাশি দলীয় প্রার্থীদেরও সমালোচনা করেছেন তিনি। এমনকি দোষারোপের তালিকায় এসেছে ইসরাইলের নামও।
স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘প্রথমত, আমি ব্যালটে ছিলাম না। তবে এর বাইরেও কিছু ঘটনা আছে। ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি। তারা চাননি জ্বালানি তেলের দাম বাড়ুক। অবিশ্বাস্য হলেও সত্য, তারা ইসরাইলকে ভীষণ অপছন্দ করছেন।’
ট্রাম্প যখন নির্বাচনে পরাজয়ের দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন, তখন তার প্রশাসনের ভেতরেও ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান যুদ্ধ ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্স ক্রমশ ট্রাম্প শিবির থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহী ভ্যান্স বারবার বোঝানোর চেষ্টা করছেন, তিনি ইরান যুদ্ধের বিরোধী ছিলেন। রিপাবলিকান পার্টিকে তিনি পরামর্শ দিয়েছেন, আগামী নির্বাচনগুলোতে জিততে হলে ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে হবে।
এদিকে গত ৮ অক্টোবর ইসরাইলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির পরবর্তী সরকার গঠনের জন্য নেতানিয়াহুবিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে আমন্ত্রণ জানাতে পারেন প্রেসিডেন্ট আইজাক হারজগ। এ খবরকে ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুদ্ধে জড়ানো নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সেদিন ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ জানায়, আরব দল রা’ম নেতানিয়াহুবিরোধী আইজেনকোটের সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে। নেসেটে দলটির আটটি আসন রয়েছে। ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরানোই তাদের লক্ষ্য। গত ৫ নভেম্বর আলজাজিরাও জানায়, অন্য আরব দল জয়েন্ট লিস্ট গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনে সমর্থন দেবে। এসব আরব দল এরই মধ্যে নেসেটের স্পিকারকে সরানোর বিষয়ে নেতানিয়াহুবিরোধীদের প্রতি সমর্থন জানিয়েছে।
ইসরাইলের শত্রুদের পরাজিত করার বিষয়ে নেতানিয়াহুর বিভিন্ন উদ্যোগে ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিয়ে এসেছেন। বিভিন্ন রণক্ষেত্রে সাফল্যের পর উজ্জীবিত নেতানিয়াহু ইরানকে হামলার লক্ষ্যবস্তু করেন। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজেই কার্যত যুদ্ধের নেতৃত্ব দেন। অল্প সময়ের মধ্যে ইরানের ধর্মীয় শাসকদের পতন এবং দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়বে বলে বারবার আশ্বাস দিলেও আট মাসে তার কোনো লক্ষণ দেখা যায়নি।
উল্টো বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। বিভিন্ন দেশে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলেও। দুই দেশের জনগণের মধ্যে সরকারবিরোধী মনোভাবও জোরালো হয়েছে।
কী নির্মম পরিহাস! তেহরানে সরকার পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে প্রথম রাজনৈতিক ধাক্কা খেয়েছে তেল আবিব। বিশ্লেষকদের পূর্বাভাস, ইসরাইলে নেতানিয়াহু সরকারের পতনের চিত্র আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গিয়ে তার অনেকগুলোর বিপরীত কাজ করেছেন। এ কারণে ভোটাররা তার ‘৫ হাজার ডলারের ট্রাম্প ভাতাও’ ফিরিয়ে দিয়েছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রে শুধু নেতৃত্ব নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ দেশটিরও একধরনের ‘রেজিম চেঞ্জ’ দরকার। যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সিনেটর বার্নি স্যান্ডার্স মনে করেন, অভ্যন্তরীণ নীতির পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনতে হবে।
গত ৫ নভেম্বর এই সিনেটর রসিকতা করে বলেন, ভোটাররা ব্যালটে ট্রাম্পের নাম দেখেই তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তার মতে, ভোটাররা ট্রাম্পের স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট, যিনি সংবিধান ও আইনের শাসন মানেন না। এ ধরনের শাসনব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। স্যান্ডার্সের মতে, এই পরিবর্তন আনার দায়িত্ব ডেমোক্র্যাটদের। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিয়েই বিদ্যমান পরিস্থিতি বদলানোর কাজ শুরু করতে হবে।
গত ৪ নভেম্বর লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট তার এক মতামত নিবন্ধের শিরোনাম দেন, ‘দ্য ট্রাম্প এরা ইজ ওভার। দ্য ওয়ার্ল্ড শুড টেক নোট’। সেখানে তিনি বলেন, প্রায় নয় মাস সময় লাগলেও শেষ পর্যন্ত শাসক বা শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে। তবে সেই পরিবর্তন তেহরানে নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে।
হার্স্টের ভাষ্য অনুযায়ী, টেক্সাস, মিশিগান, কানসাস, জর্জিয়া ও ফ্লোরিডায় নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অর্থাৎ কংগ্রেসে ক্ষমতার সমীকরণ বদলেছে, তেহরানে নয়।
ডেভিড হার্স্টের মন্তব্য, ইরান যুদ্ধ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এবং নেতানিয়াহুর শেষ মেয়াদের সবচেয়ে বড় ভুল। তাদের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ এই যুদ্ধ। নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকেও সরে গেছেন। তারা একটি দেশকে হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠন ভেবে বড় ধরনের ভুল করেছেন। কারণ, একটি দেশ ও একটি সংগঠন এক বিষয় নয়।
হার্স্টের মতামতের মূল বক্তব্য হলো, ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে ধ্বংসযজ্ঞই চালায়নি, বিশ্ববাজারেও অস্থিরতা তৈরি করেছে। সেই যুদ্ধের রাজনৈতিক মূল্য এখন দিতে হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুকে।
সময়ের আলো/ইউএমএইচ