এআইয়ের কল্যাণে কি এক দশকেই বিদায় নেবে ক্যানসার-হৃদরোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞানে নতুন যুগের সূচনা করতে পারে। আগামী এক দশকের মধ্যেই ক্যানসার, আলঝেইমার্স, হৃদরোগ ও মানসিক রোগের মতো

2026-11-11T22:52:08+00:00
2026-11-11T22:52:08+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এআইয়ের কল্যাণে কি এক দশকেই বিদায় নেবে ক্যানসার-হৃদরোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
কৃত্রিম বুদ্ধিমত্তা। সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞানে নতুন যুগের সূচনা করতে পারে। আগামী এক দশকের মধ্যেই ক্যানসার, আলঝেইমার্স, হৃদরোগ ও মানসিক রোগের মতো জটিল ব্যাধিগুলো অতীত ইতিহাসে পরিণত হতে পারে বলে দাবি করেছেন জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই। তার মতে, সঠিকভাবে এআই প্রযুক্তি কাজে লাগাতে পারলে জীববিজ্ঞান গবেষণা ও ওষুধ আবিষ্কারের গতি বহুগুণ বাড়ানো সম্ভব। এতে হাজার বছর ধরে অমীমাংসিত জটিল স্বাস্থ্যসমস্যারও সমাধান মিলতে পারে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ডারিও আমোদেই নন, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিসও এআইয়ের চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের ব্যাপক সম্ভাবনার কথা বলছেন। ডেমিস হাসাবিসের মতে, এআইয়ের সহায়তায় ওষুধ আবিষ্কারের কাজ, যা করতে আগে বছরের পর বছর সময় লাগত, তা কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের চিকিৎসায় বড় অগ্রগতি আসতে পারে।

ইতিমধ্যে গুগলের ‘আলফাফোল্ড’ মডেল কোটি কোটি প্রোটিনের গঠন উন্মোচন করে জীববিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অন্যদিকে ইলন মাস্কের আশা, এআইয়ের কল্যাণে বিশ্বের সাধারণ মানুষও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমমানের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

তবে এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের এমন উচ্চাভিলাষী দাবির সঙ্গে একমত নন মূলধারার গবেষক, চিকিৎসা বিশেষজ্ঞ ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন প্রযুক্তিবিদদের এসব দাবি ও সময়সীমাকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন।


তিনি জানান, প্রায় ১০ হাজার রাসায়নিক যৌগ বিশ্লেষণের জন্য তারা ৫০টি এআই প্রতিষ্ঠানের সেবা নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এআই স্বয়ংক্রিয়ভাবে কোনো কার্যকর ওষুধ তৈরি করে দিতে পারেনি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কম্পিউটারের পর্দায় সম্ভাব্য ওষুধের অণু বা মলিকিউল দ্রুত শনাক্ত করতে পারলেই কোনো রোগের নিরাময় নিশ্চিত হয় না। এরপর গবেষণাগারে পরীক্ষা, প্রাণীদেহে পরীক্ষা এবং মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হয়। পাশাপাশি দীর্ঘ আইনি ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও পেরোতে হয়। পুরো প্রক্রিয়ায় সাধারণত ১০ থেকে ১২ বছর সময় লেগে যায়।

চিকিৎসা বিশেষজ্ঞ এরিক টোপোল এবং প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসের মতে, মানবদেহের জটিল জৈবিক কার্যক্রম বোঝার মতো সক্ষমতা বর্তমান এআই মডেলগুলোর এখনো তৈরি হয়নি। তাদের দাবি, ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের মাধ্যমে উদ্ভাবিত কোনো নতুন ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারে আসেনি।

এ কারণে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন সময়সীমা নির্ধারণ করে মানুষের মধ্যে অযথা আশার সঞ্চার না করার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ক্যানসার-হৃদরোগ  এআই 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: