জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংগৃহীত ছবি জীবাশ্ম জ্বালানিরও ডাইনোসরের মতো বিলুপ্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে তা নিজে থেকে ঘটবে না বলেও সতর্ক করেছেন তিনি। গুতেরেসের ভাষ্য, ডাইনোসরদের কোনো লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির পক্ষে রয়েছে শক্তিশালী লবি। এই গোষ্ঠীগুলো জলবায়ু কার্যক্রম বিলম্বিত করছে।
বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গুতেরেস। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যত দ্রুত এগোনোর কথা ছিল, বাস্তবে সংকট বাড়ছে তার চেয়েও দ্রুত। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করে বড় ধরনের বিপর্যয় এড়াতে বিশ্বনেতাদের এখনই উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। গত চার বছর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়। একদিকে জীবাশ্ম জ্বালানি খাত বিপুল মুনাফা করছে, অন্যদিকে জলবায়ু বিপর্যয়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন।
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর সদস্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বৃহস্পতিবার সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লিয়েনও সম্মেলনে অংশ নিয়েছেন। তবে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দেননি। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলন এড়িয়ে গেছে।
কপ-৩১-এর আয়োজক তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ সামনে এনেছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদিত হওয়া জরুরি। তুরস্কের প্রস্তাবে কয়লা, তেল ও গ্যাসের ভূমিকা নিয়ে এ কারণে আলোচনা তৈরি হতে পারে।
গুতেরেস দেশগুলোকে দ্রুত পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তার মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শুধু জলবায়ুর ক্ষতি করছে না, অর্থনীতির জন্যও ঝুঁকি তৈরি করছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা নিয়ে সম্মেলনে ইরানের অবস্থান তুলে ধরবেন তিনি। তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডে পরিবেশ ধ্বংসের বিষয়টি আলোচনায় আনার কথা জানান।
জাতিসংঘের গত মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে। বিশ্ব ওই সীমা অতিক্রম করার পথে রয়েছে।
২০২৬ সালেও পশ্চিম ইউরোপে কয়েক দফা তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। নেপালে হিমবাহ ধসে আকস্মিক ভয়াবহ বন্যায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। গুতেরেসের বক্তব্যে স্পষ্ট, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ জরুরি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এখন বিশ্বনেতাদের সামনে বড় চ্যালেঞ্জ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর সরকার থেকে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে প্রায় ১ লাখ কোটি ডলার পাওয়ার কথা উন্নয়নশীল দেশগুলোর। চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা এবং কম কার্বন নিঃসরণভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য এ অর্থ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে অনেক ধনী দেশ চলতি বছর বা আগামী বছরের পর জলবায়ু অর্থায়নে কতটা সহায়তা দেবে, সে বিষয়ে এখনো লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা জানায়নি। ফলে সহায়তাপ্রাপ্ত দেশগুলো বাজেট ও উন্নয়ন পরিকল্পনা সাজাতে পারছে না। সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ পাওয়াও কঠিন হয়ে উঠছে।
গার্ডিয়ানের হাতে আসা ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি) ও থিংকট্যাঙ্ক ইথ্রি-জিরোর বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালের কপ-২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু সহায়তা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণের পথে এগোচ্ছে ধনী দেশগুলো।
বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ ধনী দেশগুলো বছরে প্রায় ২২৯ বিলিয়ন ডলার দিতে পারবে। এর মধ্যে প্রায় ১৮৫ বিলিয়ন ডলার আসবে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো থেকে। এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক জো থোয়েটস গার্ডিয়ানকে বলেন, দেশগুলো জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণের ভালো অবস্থানে থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না।
ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার সহায়তা অব্যাহত রাখলে এবং যুক্তরাজ্য, কানাডা ও কয়েকটি ছোট দেশের প্রতিশ্রুতি হিসাব করলেও লক্ষ্যমাত্রা পূরণে প্রায় ৭ বিলিয়ন ডলারের ঘাটতি থাকবে। থোয়েটসের মতে, হোয়াইট হাউসে অন্য কোনো প্রেসিডেন্ট এলে যুক্তরাষ্ট্র এ ঘাটতির কিছু অংশ পূরণ করতে পারে। জাপান ও অস্ট্রেলিয়াও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে দেশ দুটি এখনো জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি।
অন্যদিকে থিংকট্যাঙ্ক কার্বন ব্রিফের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান প্রতিশ্রুতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন অর্থায়ন না এলে ধনী দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর দ্বিপক্ষীয় জলবায়ু সহায়তা ৭০ শতাংশ কমে যেতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ