মিসাইলের পাল্লা বাড়িয়েছে ইরান, ইউরোপের কপালে দুশ্চিন্তার ভাঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে নিজেদের নির্ধারিত ২ হাজার কিলোমিটারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস

2026-11-11T23:01:02+00:00
2026-11-11T23:01:02+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিসাইলের পাল্লা বাড়িয়েছে ইরান, ইউরোপের কপালে দুশ্চিন্তার ভাঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম 
সংগৃহীত ছবি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে নিজেদের নির্ধারিত ২ হাজার কিলোমিটারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের এ সিদ্ধান্তের পর ইউরোপসহ দূরবর্তী অঞ্চলে ইরানের সম্ভাব্য হামলার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘আমাদের ওপর থাকা এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’

তবে ইরানের অস্ত্রভান্ডারে ইতিমধ্যে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট করেননি মোহেব্বি। তিনি বলেন, ইরান কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করবে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, তেহরান এখন আরও কঠোর আক্রমণাত্মক সামরিক নীতির দিকে এগোচ্ছে।

এর কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছ থেকে যেকোনো ধরনের ও যেকোনো মাত্রার হুমকির জবাব দেওয়া হবে। সেই জবাব কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

হরমুজ প্রণালির অস্থির পরিস্থিতি এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মধ্যে এ ঘোষণা এলো। মোজতবা খামেনি বলেছেন, ইরানকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত অবস্থার অবসান ঘটাতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতির’ কথা জানিয়েছেন।

আঞ্চলিক প্রতিরোধনীতির অংশ হিসেবে এত দিন ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছিল ইরান। তবে এর চেয়েও বেশি দূরে আঘাত হানার কার্যকর সক্ষমতা দেশটির আগে থেকেই রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান পাল্লাতেই পুরো আরব উপদ্বীপ, লেভান্ট, মিসরের অধিকাংশ এলাকা এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ার কিছু অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে নতুন ঘোষণায় তাৎক্ষণিকভাবে খুব বেশি পরিবর্তন আসবে না। কারণ, দেশগুলো আগে থেকেই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তবে পাল্লার সীমা তুলে নেওয়ায় ইরান দেশের পূর্বাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে। সেখান থেকেও ইসরায়েলে আঘাত হানা সম্ভব হবে। এ ছাড়া ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্রদের আশঙ্কা, ভারত মহাসাগর ও ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের নিশানায় আসতে পারে।

গত মার্চে যুক্তরাজ্য অভিযোগ করেছিল, ইরান তাদের ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান বলে অভিহিত করেছিল।

এ ছাড়া ২০১৯ সালে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির এক বিশ্লেষণে বলা হয়েছিল, ইরানের ‘খোররামশহর’ ক্ষেপণাস্ত্রের হালকা সংস্করণের পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার। বিশ্লেষকদের মতে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির রকেট ব্যবহার করে তাত্ত্বিকভাবে প্রায় ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

ইরানি নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ তাহেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারে উন্নীত করা হলে ইউরোপের অধিকাংশ অঞ্চল এবং উত্তর আফ্রিকার বড় অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

পাল্লার সীমা তুলে নেওয়ার মধ্য দিয়ে ইউরোপকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে তেহরানের আগের মৌখিক নিশ্চয়তা থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইআরজিসিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি ইউরোপের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান চালানোর সুযোগ দেওয়ায় ইউরোপের দেশগুলোর ওপর ক্ষুব্ধ ইরান।

ইরান এরই মধ্যে মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে বুলগেরিয়াকে একাধিকবার সতর্ক করেছে। গত মাসে যুক্তরাজ্যের গোয়েন্দাপ্রধানও জানান, ইউরোপে পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার তৎপরতা বাড়াচ্ছে ইরান।

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার আশঙ্কায় আগেই সেখান থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুনির্দিষ্ট হুমকির মুখে যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিল্ডেনহল থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে।


দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, ইউরোপের দেশগুলোর জন্য ইরানের ঘোষণা উদ্বেগজনক হলেও এখনই আতঙ্কিত হওয়ার মতো নয়। কারণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য ন্যাটোর প্রাথমিক সতর্কতাব্যবস্থা রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ইউরোপকে হুমকি দিলে তা ইরানের জন্যই হিতে বিপরীত হতে পারে। কারণ, ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের এই যুদ্ধকে সমর্থন করেনি। তার মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তেহরান সংঘাতকে এখন নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। কোনো দেশ যখন মনে করে তার সামনে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো পথ নেই, তখন তার কাছে কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা থাকে না।

আইআরজিসির মুখপাত্র মোহেব্বি আরও ইঙ্গিত দিয়েছেন, ইরান পরমাণুনীতিতে পরিবর্তন এনে পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হবে।

বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার সিদ্ধান্তের পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, নতুন করে ইরানে হামলা চালানো হলে তার জবাব মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না— ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোকে সেই বার্তা দেওয়া। দ্বিতীয়ত, জানুয়ারিতে নতুন মার্কিন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। আলোচনার টেবিলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা তুলে নেওয়ার বিষয়টিকে বড় ছাড় বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে তেহরান আগেভাগেই চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইরানের বার্তা হলো, নতুন করে সামরিক অভিযান শুরু না করে যুক্তরাষ্ট্রের দ্রুত একটি চুক্তিতে আসা উচিত। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মিসাইল  ইরান  ইউরোপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: