প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম
ইমরান খান। সংগৃহীত ছবিপাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতভর চিকিৎসা শেষে বুধবার তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ইমরানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা।
বুধবার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষা করাতে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়েছিল।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। মঙ্গলবার রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। এরপর থেকে দুর্নীতিসহ একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এই নেতা।
ইমরানের বিরুদ্ধে একটি ছাড়া বাকি সব সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে। এসব মামলায় আপিল প্রক্রিয়া চলমান। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইমরানের আইনজীবীদের দাবি, ৭৪ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন। এর আগে গত আগস্টে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে মাঝপথে তা বাতিল করা হয়। দ্রুত তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল। এরপর এবারই প্রথম তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর কারাগারে ফেরানো হলো।
ইমরানের রাজনৈতিক দল পিটিআই জানিয়েছে, তার স্ত্রী ও আইনজীবী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
এদিকে মঙ্গলবার পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে রাওয়ালপিন্ডির একটি কারাগার থেকে লাহোরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ