প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম
ইলাত অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকাকালে ইসরায়েলের রামোন বিমানবন্দরে অবস্থানরত যাত্রীরা। ছবি : টাইমস অব ইসরায়েলইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কাছের রামোন বিমানবন্দর। পরে অবকাঠামো পরিদর্শন ও পরীক্ষা শেষে বিমানবন্দরটির কার্যক্রম আবার চালু করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ দশমিক ৫ মাইল দক্ষিণে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।
এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রামোন বিমানবন্দরে সামান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।
ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে ‘পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা’ করার কথা জানিয়ে সাময়িকভাবে রামোন বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিমানবন্দরটির পূর্ণাঙ্গ কার্যক্রম আবার শুরু হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড বুধবার জানায়, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করতে একটি ‘বিস্তৃত জাতীয় পরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।’
সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতিতে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রথমত, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার করা। দ্বিতীয়ত, কমান্ডের সক্ষমতা বৃদ্ধি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সামর্থ্য উন্নত করা। তৃতীয়ত, বড় ধরনের ভূমিকম্পের পরিণতি মোকাবিলায় আইডিএফের প্রস্তুতি আরও শক্তিশালী করা।
সময়ের আলো/ইউএমএইচ