প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি : সংগৃহীত গাজা উপত্যকায় শৈত্যপ্রবাহ ও বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পর্যাপ্ত আশ্রয়, শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এরই মধ্যে তীব্র ঠান্ডায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কেনান ইরকিক নামের শিশুটির মৃত্যুর খবর জানানো হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে।
আল জাজিরার প্রতিবেদক আশরাফ আবু আমরা খান ইউনিস থেকে জানান, সাম্প্রতিক আবহাওয়াজনিত নিম্নচাপের প্রভাবে গাজায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে বৈরী আবহাওয়া বিরাজ করে। এরপর শুরু হয় তীব্র শীত। এই ঠান্ডা সহ্য করতে না পেরে শিশুটির মৃত্যু হয়েছে।
গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুগুলো এতটাই অস্থায়ী ও দুর্বল যে গরম কিংবা শীত—কোনো ঋতুতেই সেগুলো মানুষকে সুরক্ষা দিতে পারছে না। সাম্প্রতিক বৃষ্টিতে তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়েছে। ফলে শীতের পাশাপাশি বৃষ্টির পানিতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
প্রতিবেদকের ভাষ্য, খান ইউনিসের আল-মাওয়াসি, গাজার মধ্যাঞ্চল এবং গাজা সিটির পশ্চিমাঞ্চলে মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। গাজার মোট ভূখণ্ডের প্রায় ৩০ শতাংশজুড়ে থাকা পশ্চিমাঞ্চলে ২৪ লাখের বেশি মানুষ গাদাগাদি করে বসবাস করছেন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ আবহাওয়াজনিত নিম্নচাপে বৃষ্টিতে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এতে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় ও দৈনন্দিন জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীত মোকাবিলার প্রস্তুতিও নেই অধিকাংশ পরিবারের। শীতের পোশাকের সংকটে অনেকে এখনো গরমের পোশাকেই দিন কাটাচ্ছেন। যাঁদের কাছে শীতের পোশাক রয়েছে, বৃষ্টিতে সেগুলোও ভিজে গেছে।
গত দুই দিন রোদ ওঠায় অনেক পরিবার তাঁবুর বাইরে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাব শুকাতে দিয়েছিল। কিন্তু বৃষ্টিতে সেগুলো আবার ভিজে যাওয়ায় এখন পুনরায় শুকিয়ে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছেন তাঁরা।
এভাবে একদিকে শীত ও বৃষ্টি, অন্যদিকে পর্যাপ্ত আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রীর অভাব—সব মিলিয়ে গাজায় বাস্তুচ্যুত মানুষের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
সময়ের আলো/জেডি