মিয়ানমারের সামরিক জান্তা নেতা মিন অং হ্লাইং। সংগৃহীত ছবিফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনেও মিয়ানমারের সামরিক জান্তা নেতা মিন অং হ্লাইংকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না। বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আগের নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটির সামরিক সরকারের শীর্ষ নেতাদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এবং বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মিন অং হ্লাইংকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। তার পরিবর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসিয়ানবিষয়ক বিভাগের মহাপরিচালক একজন অরাজনৈতিক প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
মিয়ানমার সংকট নিরসনে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে জান্তা সরকারের ব্যর্থতাকে এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের এপ্রিলে গৃহীত পরিকল্পনাটির প্রধান উদ্দেশ্য ছিল দেশটিতে সহিংসতা বন্ধ করা এবং সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষের মধ্যে সংলাপের পরিবেশ তৈরি করা।
তবে পরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকেই জান্তা সরকারের অনীহা দেখা গেছে। চলতি বছরের জুলাইয়ে জান্তা নিয়ন্ত্রিত পার্লামেন্টে ভোটের মাধ্যমে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়। যদিও গত অক্টোবরে নেপিডোতে আসিয়ানের বিশেষ দূত থেরেসা লাজারোর সঙ্গে বৈঠকে জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সোয়ে দাবি করেন, নিজস্ব রোডম্যাপ ও জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই তারা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
আসিয়ানের সম্মেলনের আগে জান্তা নেতাদের অংশগ্রহণ ঠেকাতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। গত সোমবার (৯ নভেম্বর) স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমার (এসএসি-এম) এবং আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) যৌথ বিবৃতিতে জান্তা নেতাদের সম্মেলন থেকে দূরে রাখার দাবি জানায়। একই সঙ্গে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্য মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আসিয়ানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী ও মানবাধিকার সংগঠন প্রোগ্রেসিভ ভয়েসের প্রতিষ্ঠাতা খিন ওহমার। সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আসিয়ান নিজেদের ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, আন্তর্জাতিক আদালতে গণহত্যাসংক্রান্ত মামলার মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানালে জোটটির গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ত। তিনি আরও মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বেসামরিক পরিচয়ে ক্ষমতায় থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জান্তা সরকারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনের পর সামরিক পোশাক ছেড়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন অং হ্লাইং। এরপর আসিয়ানের কয়েকটি সদস্য দেশ—লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মালয়েশিয়া তাকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায়।
বিশেষ করে মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনায় আগে সরব থাকা মালয়েশিয়া এবং প্রতিবেশী থাইল্যান্ডের এই উদ্যোগ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো আপত্তি তোলে। তবে দেশ দুটির বক্তব্য, শরণার্থী প্রত্যাবাসন ও সীমান্তসংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যেই এসব আলোচনা করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা ছিল, এ ধরনের দ্বিপক্ষীয় যোগাযোগ আসিয়ানের সম্মিলিত অবস্থানকে দুর্বল করতে পারে। তবে এবারের সম্মেলনে মিন অং হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তে তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা নতুন বাধার মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা বাহিনীর হামলা ও বিমান অভিযানে অন্তত ৮ হাজার ৩৮৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৪০ লাখের বেশি মানুষ। এ ছাড়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ প্রায় ২৩ হাজার রাজনৈতিক বন্দী এখনো কারাগারে আটক রয়েছেন।
সব মিলিয়ে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকটের মধ্যে আসিয়ানের ৪৯তম সম্মেলনে জান্তা প্রধানের অনুপস্থিতি দেশটির সঙ্গে আঞ্চলিক জোটটির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে।
সময়ের আলো/ইউএমএইচ