ছবি : সংগৃহীত ভারতের সরকারি সংস্থাগুলোর জন্য ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কেনার পথ সহজ করতে নিজেদেরই ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির শর্ত শিথিল করেছে দেশটির সরকার। এতে ফোনের পাসওয়ার্ড এড়িয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ইনস্টাগ্রাম, টিন্ডারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ক্লাউডভিত্তিক তথ্য এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইসের তথ্য সংগ্রহের সক্ষমতাও বাড়ছে ভারতীয় সংস্থাগুলোর।
ডিজিটাল অধিকারবিষয়ক সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির পর্যালোচনা করা নথি অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির সরকারি ক্রয়সংক্রান্ত শর্ত থেকে বিশেষ ছাড় অনুমোদন করেছেন। এর ফলে সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রযুক্তির অন্তত ৪২২টি পণ্য কেনার সুযোগ পেয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের তৈরি প্রযুক্তিও।
আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার কিংবা তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোই নয়, বিরোধী দল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও একই ধরনের ফোন থেকে তথ্য সংগ্রহ ও ক্লোনিং প্রযুক্তি কিনেছে।
নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভারতের নজরদারি সক্ষমতা কেবল ফোন ক্লোন করা কিংবা পাসওয়ার্ড ছাড়াই ফোনের তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ক্লাউডে সংরক্ষিত তথ্য এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য সংগ্রহের প্রযুক্তি রয়েছে এসব সংস্থার হাতে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের বিদ্যমান আইনে এ ধরনের বিস্তৃত নজরদারি নিয়ন্ত্রণের পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা নেই। ফলে ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি আইনি ধূসর এলাকায় থেকে যাচ্ছে।
ডিজিটাল অধিকার ও গোপনীয়তা নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারি আল জাজিরাকে বলেন, ভারতে নজরদারির সক্ষমতা ক্রমেই বাড়ছে এবং এর পরিধি ও গভীরতা—দুটিই বিস্তৃত হচ্ছে।
তার ভাষায়, এখন নির্দিষ্ট ব্যক্তির ওপর লক্ষ্যভিত্তিক নজরদারির চেয়ে গণহারে নজরদারি চালানো সহজ হয়ে উঠছে। একই সঙ্গে আরও বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। এতে একজন ব্যক্তির জীবনযাপনের আরও বিস্তারিত চিত্র পাওয়া সম্ভব।
৪২২ পণ্য কেনার অনুমোদন, তালিকায় সেলেব্রাইটের প্রযুক্তি
আইএফএফ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জানুয়ারির একটি চিঠি পর্যালোচনা করেছে, যা আল জাজিরাও দেখেছে। ওই চিঠিতে অমিত শাহ এক বছরের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির ক্রয়সংক্রান্ত শর্তে ব্যাপক ছাড় অনুমোদন করেন। এর ফলে অন্তত ৪২২টি ফরেনসিক পণ্য কেনার পথ খুলে যায়।
‘মেক ইন ইন্ডিয়া’ নীতি অনুযায়ী, সরকারি ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে যোগ্য বিদেশি সরবরাহকারীর তুলনায় ভারতীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার কথা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনে এ নিয়ম থেকে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে দেখা যায়, ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি পেয়েছে। এর মূল্য প্রায় ৫ কোটি রুপি, যা ৫ লাখ ২৯ হাজার ৯৪৭ ডলারের সমপরিমাণ।
সরকারের দরপত্রের শর্তে বলা হয়েছে, সংশ্লিষ্ট সফটওয়্যারটি জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে ১০০টির বেশি ক্লাউড সেবায় প্রবেশ করতে সক্ষম হতে হবে। লগইন টোকেন মূলত এমন একধরনের ডিজিটাল চাবি, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন অ্যাকাউন্টে লগইন অবস্থায় থাকতে পারেন।
তবে কোনো প্রতিষ্ঠানকে নিয়ম থেকে ছাড় দেওয়ার অর্থ এই নয় যে, সরকারি কোনো সংস্থা তাদের নির্দিষ্ট পণ্য কিনেছেই। বরং এসব ছাড়ের মাধ্যমে ভারতীয় সংস্থাগুলোর জন্য কী ধরনের ফরেনসিক প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়েছে, তা বোঝা যায়।
আইএফএফের পর্যালোচনায় ৪২২ পণ্যের তালিকা থেকে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকস-সংশ্লিষ্ট ১১৮টি পণ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সেলেব্রাইটের ‘পাথফাইন্ডার’, ‘ইনসিয়েটস অন-প্রেম প্রো’ এবং ‘ইনসিয়েটস অফলাইন’ রয়েছে।
সেলেব্রাইটের প্রযুক্তি এর আগে সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ার মতো দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ ছাড়া তালিকায় ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো বিদেশি ডিজিটাল ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি রয়েছে। রয়েছে ওপেন সোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহ, ডার্ক ওয়েব পর্যবেক্ষণ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত তদন্তের সফটওয়্যারও।
১০০টির বেশি ক্লাউড সেবায় প্রবেশের সক্ষমতা
আল জাজিরা দিল্লি পুলিশের জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য করা একটি দরপত্রের আবেদনও পর্যালোচনা করেছে। এই ল্যাবরেটরি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের অধীন।
দরপত্রে এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যা অ্যাপলের ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এড়িয়ে প্রবেশ করতে পারে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ব্রাউজারের তথ্য, মুছে ফেলা ফাইল এবং ভিপিএন ব্যবহারের চিহ্ন উদ্ধার করতে পারে। এ ছাড়া ফোনের স্ক্রিন লক অতিক্রম, পুরো ফাইল সিস্টেমের তথ্য সংগ্রহ, এনক্রিপ্ট করা ব্যাকআপ উন্মুক্ত করা এবং মেসেজিং অ্যাপের তথ্য বের করার সক্ষমতাও চাওয়া হয়েছে।
দিল্লি পুলিশ ১০০টির বেশি ক্লাউড সেবায় প্রবেশ করতে পারে—এমন একটি ‘অল-ইন-ওয়ান’ ব্যবস্থাও চেয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডিসকর্ড এবং টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো ডেটিং প্ল্যাটফর্ম। স্ল্যাক ও অনলি ফ্যানসের মতো প্ল্যাটফর্মেও প্রবেশের সক্ষমতা চাওয়া হয়েছে।
জব্দ করা ডিভাইস থেকে পাওয়া অ্যাকাউন্টের তথ্য কিংবা লগইন টোকেন ব্যবহার করে এসব সেবায় প্রবেশের কথা দরপত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ড্রোন, পরিধেয় প্রযুক্তিপণ্য এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো ডিভাইস থেকে তথ্য সংগ্রহের সক্ষমতাও চাওয়া হয়েছে।
এ বিষয়ে এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিরোধী দলশাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা। দিল্লি পুলিশও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংশ্লিষ্ট কেউই সংবাদমাধ্যমটির প্রশ্নের জবাব দেননি।
ফোনে কীভাবে প্রবেশ করল পুলিশ?
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি সক্ষমতা নিয়ে স্বচ্ছতার অভাব অনেকের কাছে কেবল তাত্ত্বিক উদ্বেগ নয়। বাস্তবে ফোনের তথ্য সংগ্রহ বা ব্যক্তিগত তথ্য মুছে ফেলার মতো ঘটনার অভিযোগও উঠেছে।
গত মাসে ভারতের নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে যান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, যিনি মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত।
বিক্ষোভের দিন সকালে বাড়িতে থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাকে আটক করে এবং তার ফোন নিয়ে যায়। পরে একটি পডকাস্টে রাঠি বলেন, তার ধারণা, পুলিশ ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তার আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল। তবে তার ফোনে আইওএসের অপেক্ষাকৃত নতুন সংস্করণ থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে থাকতে পারে।
রাঠির এই বক্তব্য আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন অন্যরাও।
ভারতের সংবাদপত্র সিয়াসাত ডেইলির প্রতিবেদক মোহাম্মদ আসলাম হুসাইন আল জাজিরাকে জানান, গত ১০ অক্টোবর দিল্লিতে এক ক্যামেরাপারসনসহ তাকে আটক করা হয়। ঘটনাস্থলেই তার ফোন জব্দ করে পুলিশ।
হুসাইন বলেন, ‘সেদিন সন্ধ্যায় ফোনটি ফেরত পাওয়ার পর দেখি, আমাদের সংবাদ সংগ্রহের সময় ধারণ করা সব ভিডিও বেছে বেছে মুছে ফেলা হয়েছে।’
তিনি স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি এস২৪ ব্যবহার করেন। ফোনটিতে প্যাটার্ন লক ও আঙুলের ছাপ শনাক্তকরণ ব্যবস্থা চালু ছিল।
পুলিশ কী প্রযুক্তি ব্যবহার করে তাঁর ফোনের নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি হুসাইন। তবে তার প্রশ্ন, ‘কেউ এ বিষয়ে জবাব দিতে রাজি নয়। এতে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’
মোদি ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহারের অভিযোগের মুখে রয়েছে ভারত সরকার।
২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাসের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। তবে অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।
বৃন্দা ভান্ডারির মতে, এ ধরনের নজরদারির জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও বড় সমস্যা রয়েছে। কারণ, অনেক সময় যার ওপর নজরদারি চালানো হয়, তিনি নিজেই তা জানতে পারেন না। ফলে নজরদারির শিকার ব্যক্তি কীভাবে প্রতিকার চাইবেন, সেই প্রশ্ন থেকে যায়।
নজরদারিতে আইনি নিয়ন্ত্রণের ঘাটতি
আইএফএফের চিহ্নিত প্রধান আইনি দুর্বলতা হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা মোবাইল ফোনের লক জোর করে খুলে পুরো তথ্য সংগ্রহের বিষয়ে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন বা প্রটোকল নেই।
ফৌজদারি আইনে কোনো ডিভাইস জব্দ করার ক্ষমতা থাকলেও পাসকোড এড়িয়ে ফোনে প্রবেশ, পুরো ফাইল সিস্টেমের অনুলিপি তৈরি, লগইন টোকেন সংগ্রহ করে ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশ কিংবা সংগৃহীত তথ্য কত দিন সংরক্ষণ করা হবে এবং কখন মুছে ফেলতে হবে—এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই।
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে গোপনীয়তার অধিকারকে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেন। ওই রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের আইনি ভিত্তি থাকতে হবে, তা রাষ্ট্রের বৈধ উদ্দেশ্য পূরণে হতে হবে এবং উদ্দেশ্যের তুলনায় হস্তক্ষেপের মাত্রা আনুপাতিক হতে হবে।
বৃন্দা ভান্ডারি বলেন, যথাযথ ও কার্যকর তদারকি ছাড়াই সরকারি সংস্থাগুলো যখন এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে, তখন নজরদারির জাল আরও বিস্তৃত ও গভীর হয়। এতে আইনসভা, সংসদ কিংবা বিচার বিভাগের তদারকি ছাড়াই অনেক বেশি মানুষ নজরদারির আওতায় চলে আসেন।
তিনি জানান, যুক্তরাজ্য ও জার্মানির মতো কিছু দেশে নজরদারির ক্ষেত্রে সংসদীয় কিংবা বিচারিক তদারকির ব্যবস্থা রয়েছে। কিন্তু ভারতে রয়েছে নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থা।
ভান্ডারির ভাষায়, নজরদারির ওপর তদারকির মূল উদ্দেশ্য হলো এতে কিছু বাধা বা নিয়ন্ত্রণ তৈরি করা, যাতে সরকার চাইলেই সহজে সবার ওপর নজরদারি চালাতে না পারে।
তিনি বলেন, ‘বর্তমান আইনি কাঠামো এই সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।’
সময়ের আলো/জেডি