প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি নেতাদের জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলে তাতে নেতৃত্ব দিতে পারেন ভ্যান্স। এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ক্ষমতাও তাকে দিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে যোগাযোগ করছে। তবে এখনো আলোচনার কোনো আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত অক্টোবরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছিলেন ভ্যান্স। ওই চিঠিতে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগ ভ্যান্সের জন্য বড় ধরনের ঝুঁকি। আলোচনা ব্যর্থ হলে কূটনৈতিক অচলাবস্থার দায় তার ওপরও পড়তে পারে। অন্যদিকে, সফল সমঝোতা হলে অজনপ্রিয় যুদ্ধের অবসানে ভূমিকা রাখার কারণে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্সের অংশগ্রহণে গত জুনে হওয়া কাঠামোগত চুক্তি নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার অভিযোগ ছিল, ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকরের আগে ইরান ঘুরে দাঁড়ানোর এবং তেল বিক্রি করে আয় বাড়ানোর সুযোগ পেয়েছিল।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের চুক্তি নিয়ে সংশয় থাকার দাবি নাকচ করেছেন। তিনি বলেছেন, আলোচকেরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছিলেন।
এদিকে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রত্যাশার তুলনায় খারাপ ফলের সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্রের কথা প্রকাশ্যে বলেছেন ভ্যান্স। তার বক্তব্যে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তে থাকা রাজনৈতিক চাপের বিষয়টি উঠে এসেছে।
সময়ের আলো/জেডি