প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
মাহরাম ব্যতীত নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের নির্দেশনা । ছবি : সংগৃহীতমাহরাম, অর্থাৎ পুরুষ সঙ্গী উপস্থিত ব্যতীত নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের ‘অঘোষিত’ নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। কোনো কারণে মাহরাম উপস্থিত না হতে পারলে নারী নার্সের উপস্থি্তি বাধ্যতামূলক করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান গত জুলাইয়ের একটি ঘটনা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, জুলাইয়ে ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতের তীব্র ব্যথা নিয়ে একটি ক্লিনিকে যান। যেখানে দন্তচিকিৎসক তাকে পরীক্ষা করে জানান, তার একাধিক দাঁত ফেলে দিতে হবে এবং সেগুলো নতুন করে লাগাতে হবে। এজন্য তাকে বেশ কয়েকবার ক্লিনিকে আসতে হবে। তিনি তিনবার ক্লিনিকে যানও। কিন্তু এরপর ক্লিনিক থেকে তাকে ফোন করে বলা হয়, তারা ফোন না দেওয়া পর্যন্ত যেন তিনি না আসেন। কিন্তু আর ফোন না দিলে তিনিই উল্টো ফোন করেন, তখন ক্লিনিক থেকে জানানো হয়, একটি বিশেষ পরিস্থিতির কারণে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। যদি পরিস্থিতির পরিবর্তন হয়, তাহলে তাকে জানানো হবে। তবে এরপর আর ফোন তার কাছে আসেনি।
উত্তর আফগানিস্তানের সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) নারীদের পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা না দেওয়ার অঘোষিত নির্দেশনাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমাদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যাই হোক, গুরুতর বা কম ভালো, এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।
দ্য গার্ডিয়ান বলেছে, তালেবান সরকার পুরুষ চিকিৎসক দিয়ে নারীদের চিকিৎসায় বাধা দিলেও ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়া বন্ধ করে রেখেছে। এছাড়া হাসপাতালগুলোতেও নারী চিকিৎসক নিয়োগের বিষয়টি তারা বন্ধ করে রেখেছে।
আর যেসব নারী চিকিৎসক চিকিৎসা সেবা দেন তাদের সঙ্গেও তাদের মাহরাম রাখার বাধ্যবাধকতা আছে।
এক নারী রোগী গার্ডিয়ানকে বলেছেন, তিনি তার বাবার সঙ্গে এক পুরুষ ডাক্তারকে দেখাতে যান। কিন্তু সঙ্গে বাবা থাকা সত্ত্বেও ওই ডাক্তার তাকে দেখেননি। এর বদলে তাকে বলা হয়, অন্য কোনো নারী যদি মাহরাম নিয়ে আসেন, তখন তাকে দেখা হবে। কারণ যদি শরীরে স্পর্শ করার কোনো প্রয়োজনীয়তা হয় তাহলে ওই নারী যেন সহায়তা করতে পারেন।
ওই চিকিৎসকের চেম্বারে কোনো নারী স্টাফ না থাকায় অন্য নারী আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলা হয়।
সময়ের আলো/এসকে