‘ইয়েমেনে গেল তিন মাসে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৩৩

2026-11-13T08:29:24+00:00
2026-11-13T08:47:13+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ইয়েমেনে গেল তিন মাসে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:২৯ এএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৮:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপতর (ওসিএইচএ) জানিয়েছে, সংঘাতের কারণে স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। সহিংসতার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বেসামরিক নাগরিকদের।

গত ৫ অক্টোবর থেকে ইয়েমেন সরকার ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরু করেছে। দেশটির প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের কাছ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়াই এ অভিযানের লক্ষ্য।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গত আগস্টের শুরু থেকে ইয়েমেনে ২৮৯ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য যাচাই করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। তাঁদের মধ্যে ৭২ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। নিহতদের অর্ধেকই শিশু। আর মোট হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।

সংঘাতের প্রভাব পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর লাহিজ প্রদেশের আল-সাকিয়া স্বাস্থ্যকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এতে তিন স্বাস্থ্যকর্মী নিহত এবং চারজন আহত হন।

এর চার দিন পর তাইজ শহরের দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১২ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওসিএইচএর উদ্ধৃত ডব্লিউএইচওর পরিসংখ্যান বলছে, সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে ২৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সাতটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩ জন স্বাস্থ্যকর্মী নিহত অথবা আহত হয়েছেন।

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে ইয়েমেনের তাইজ প্রদেশে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস। সেখানে এ সংখ্যা ১ লাখ ৪০ হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

ওসিএইচএ জানিয়েছে, তাইজ শহরে মানুষের চলাচল এখনো সীমিত। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার শহরটিতে মাত্র প্রায় ৪০০ বস্তা গমের আটা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

যোগাযোগ ও চলাচলের পথগুলোতে বিধিনিষেধের কারণে বাণিজ্যিক পরিবহন ব্যাহত হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে সংকট তৈরি হয়েছে এবং বাজারে অস্থিতিশীলতা বাড়ছে। পাশাপাশি স্থানীয় ব্যাংকগুলো ব্যক্তিগত হিসাব থেকে নগদ অর্থ উত্তোলনের পরিমাণও সীমিত করেছে বলে জানা গেছে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা। এখন পর্যন্ত ২ লাখ ৫৫ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সহায়তাপ্রাপ্তদের অধিকাংশই নারী ও শিশু।


মঙ্গলবার ত্রাণ সংস্থাগুলো তাইজ ও এডেনের ৬ হাজার ২০০-এর বেশি মানুষের মধ্যে পানীয় জল ও পানি সংরক্ষণের পাত্র বিতরণ করেছে। একই সঙ্গে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে ১১টি ট্রাক বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইয়েমেনের সর্বত্র, বিশেষ করে তাইজ শহরে, নিরাপদ, নিরবচ্ছিন্ন ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওসিএইচএ।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে কিছুটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত জুলাই থেকে দেশটিতে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়। বর্তমান পরিস্থিতিকে ওই যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এই সংঘাতের কারণে ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইয়েমেন  আগস্ট  বাস্তুচ্যুত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: