ছবি : সংগৃহীত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ উদ্যোগে সমর্থন জানিয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতে পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভবনে দক্ষ বিদ্যুতায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কপ-৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছে দিতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।
নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ উদ্যোগ ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। এদিন নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক ও চীনের মধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
জলবায়ু অভিযোজন ও শিল্পায়নে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি পাঁচটি দেশ ও একটি অঞ্চলের জলবায়ু অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ওই অঞ্চলের দেশগুলোর উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। বেসরকারি খাতের প্রথম দাতা হিসেবে মিন্ডেরু ফাউন্ডেশন ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন।
এ ছাড়া সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা জ্বালানিসাশ্রয়ী ভবন, সাশ্রয়ী আবাসন এবং নগরের সহনশীলতা বাড়াতে দেশগুলোর নেওয়া অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।
সময়ের আলো/এসএকে