প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের জিমে এ হামলার ঘটনা ঘটে। নিহত ভবন ব্যবস্থাপকের নাম জেমস স্টুয়ার্ট (৪৬)। হামলাকারী চিকিৎসক ম্যাট ওয়েড ল্যামবার্টের বয়স ৫৫ বছর। খবর বিবিসির।
পুলিশ জানায়, জিমে গুলি চালানোর পর ল্যামবার্ট ভবনটির সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেন। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখার পর অন্তত দুই দফায় দরজা ভেদ করে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশি আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর ল্যামবার্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার শরীরে আত্মঘাতী গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, জিমে হামলার পর ভবনটির সপ্তম তলার বারান্দা থেকে নিচে থাকা আরও চারজনকে লক্ষ্য করে গুলি চালান ল্যামবার্ট। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ভবন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ক্যারল জানান, ভবনের রক্ষণাবেক্ষণ, ছত্রাক বা মোল্ড এবং অন্যান্য সমস্যা নিয়ে ল্যামবার্টের সঙ্গে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও সম্পত্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি একটি দেওয়ানি মামলাও করেছিলেন।
ওয়াশিংটন সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে মেট্রোপোল কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও ভবনের সম্পত্তি ব্যবস্থাপকের সঙ্গে আইনি বিরোধে জড়িত ছিলেন ল্যামবার্ট। ভবনের সংস্কারকাজের কারণে তার প্রায় ১০ লাখ ডলারের পেন্টহাউসে পানি চুইয়ে পড়া এবং কালো ছত্রাকের সমস্যা দেখা দেয় বলে অভিযোগ করেছিলেন তিনি। এতে বাসাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার সময় ভবনে থাকা বিবিসির প্রযোজক জোনাথন স্যাপো জানান, হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তিনি ফায়ার এস্কেপ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বিকট গুলির শব্দ ও ধোঁয়া দেখতে পান। নিরাপত্তার জন্য উপস্থিত লোকজন দৌড়ে গিয়ে কাছের একটি ইটের কাঠামোর পেছনে আশ্রয় নেন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এ ঘটনাকে ‘নিরর্থক বন্দুক সহিংসতা’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউসকেও অবহিত করা হয়েছে।
সময়ের আলো/এসএকে