প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম
সংগৃহীত ছবিবাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা। হামলায় ঘাঁটির রাডার স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স।
হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায় ‘শত্রুপক্ষ’। ওই হামলার জবাব দিতেই কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে এ হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছে রেভল্যুশনারি গার্ড।
এতে বলা হয়, ‘এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এদিকে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে বলে দাবি করেছে ইরানি বার্তাসংস্থা ফার্স। তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযান পরিচালনার অন্যতম প্রধান কমান্ড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই ঘাঁটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিটি একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শুক্রবারের হামলার পর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি হামলার শিকার হয়েছে। এ ছাড়া বিভিন্ন ভবনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি ইরান। শুক্রবারের এই হামলার মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির অবসান ঘটল।
সূত্র: আল জাজিরা
সময়ের আলো/কেআই