স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকগুলো। ছবি : সংগৃহীতবাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকগুলো। খুচরা ব্যাংকিংয়ে প্রতিযোগিতা কমে আসায় করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ও আন্তঃসীমান্ত বিনিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে তারা।
বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তনের পেছনে স্থানীয় ব্যাংকগুলোর বাজার সম্প্রসারণের পাশাপাশি বহুজাতিক ব্যাংকগুলোর বৈশ্বিক ব্যবসায়িক কৌশল পুনর্নির্ধারণের প্রভাব রয়েছে। শাখা নেটওয়ার্ক, ডিজিটাল সেবা, ক্রেডিট কার্ড ও আর্থিক পণ্যের বিস্তারে স্থানীয় ব্যাংকগুলো এখন খুচরা গ্রাহকদের কাছে বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।
গত ৮ অক্টোবর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের ঘোষণা দেয়। তবে করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিংসহ অন্যান্য কার্যক্রম চালু রাখবে ব্যাংকটি। ব্যবসা হস্তান্তরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।
একইভাবে এইচএসবিসিও বাংলাদেশে খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধের পরিকল্পনা জানিয়েছে। তবে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠন তাদের বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের অংশ। এটি শুধু বাংলাদেশের জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজের মতে, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক অব্যাহত থাকলে এ পরিবর্তনে আর্থিক খাত বা বিনিয়োগ প্রবাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, দেশজুড়ে শাখা বিস্তার ও বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় ব্যাংকগুলোর স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বিদেশি ব্যাংকগুলোর এ কৌশল পরিবর্তনে আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি-আমদানি অর্থায়ন, ঋণপত্র, বৈদেশিক বিনিয়োগ ও বড় অবকাঠামো প্রকল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ সুযোগ কাজে লাগাতে স্থানীয় ব্যাংকগুলোকে স্বচ্ছতা, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার মান বাড়াতে হবে।
সময়ের আলো/এমকে