প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ছবি : সংগৃহীতট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগে চালু করেছে ডিজিটাল পদ্ধতি। এখন থেকে ডিলারশিপ পেতে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানা যাবে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের কাজ শেষ করতে চায় সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন তারা।
নতুন পদ্ধতিতে অনলাইনে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই ও মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তিন সদস্যের মূল্যায়ন কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন।
টিসিবি চেয়ারম্যান জানান, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ শতাংশ নতুন ডিলার নিয়োগের লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও রমজানের আগে শেষ করতে চায় সংস্থাটি।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। নতুন ব্যবস্থায় অনলাইন আবেদন, মাঠপর্যায়ে যাচাই ও কেন্দ্রীয় মূল্যায়নের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার পরিকল্পনা করেছে টিসিবি।
সময়ের আলো/এমকে