রিজার্ভ বাড়াতে প্রবাসী সঞ্চয় ও বিনিয়োগে নজর সরকারের

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগ দেশে আনার উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি)

2026-11-14T23:31:15+00:00
2026-11-14T23:31:15+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিজনেস
অর্থনৈতিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
রিজার্ভ বাড়াতে প্রবাসী সঞ্চয় ও বিনিয়োগে নজর সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান । ছবি : সংগৃহীত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগ দেশে আনার উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগ-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রিজার্ভে নতুন বৈদেশিক মুদ্রা যুক্ত হওয়ার পাশাপাশি বাজারে ডলারের সরবরাহও বাড়বে।

শনিবার রাজধানীর হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তার আয়োজনে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

গভর্নর বলেন, প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের লক্ষ্যে ইতিমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকাউন্টটির প্রচার চলছে। এর মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিদের অর্থ দেশে আনার সুযোগ তৈরি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ধরনের উদ্যোগে প্রতিবেশী দেশগুলোর সাফল্যের উদাহরণ তুলে ধরে গভর্নর জানান, একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার থেকে পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়।

তবে এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি ভবিষ্যৎ পরিশোধের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। গভর্নর বলেন, আগামী তিন থেকে চার বছরে এ খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে লক্ষ্যেই কাজ চলছে।


অন্যদিকে প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগ সীমা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর জানান, প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এসব বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বিধিনিষেধ শিথিল করা গেলে প্রবাসীদের কাছ থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে এসব উদ্যোগ।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   অর্থনৈতিক  সম্মেলনে  বাংলাদেশ ব্যাংকের গভর্নর  রিজার্ভ  বাড়াতে  প্রবাসী সঞ্চয়  বিনিয়োগ  নজর  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: