জিডিপির তথ্য যাচাইয়ে উদ্যোগ নেবে সরকার । ছবি : সংগৃহীতদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান সূচক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব নিয়েই উঠেছে গুরুতর প্রশ্ন। রাজনৈতিক স্বার্থে অতীতে জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফরেনসিক অডিটে জাতীয় আয়ের হিসাবের একাধিক উপখাতে অসংগতি শনাক্ত হওয়ার পর পুরো পরিসংখ্যানব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছে সরকার। জিডিপির প্রতিটি তথ্যের উৎস, সংগ্রহ পদ্ধতি ও হিসাব নতুন করে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শুধু প্রবৃদ্ধির হার নয়, বরং যে তথ্যের ভিত্তিতে এই প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে, তার যথার্থতা। কারণ জাতীয় আয়ের হিসাবে সামান্য অসংগতিও বাজেট, বিনিয়োগ, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক নীতিনির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের মতে, অতীতের সরকার উন্নয়নের একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠা করতে পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ২০১৪-১৫ সালের পর থেকে জাতীয় আয়ের হিসাবের বিভিন্ন ক্ষেত্রে অসংগতি দেখা যায়। বিশেষ করে সরাসরি জরিপের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহ করা তথ্যের ওপর নির্ভরশীল খাতগুলোতে অতিমূল্যায়নের প্রবণতা ছিল।
শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেমিনার কক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন ইস্টিমেট’-এর খসড়া প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অসংগতির চিত্র সাত উপখাতে : ফরেনসিক অডিটে ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটিতে তথ্যের অসংগতি পাওয়া গেছে। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, মূলত সেকেন্ডারি তথ্যসূত্র থেকে সংগৃহীত উপাত্তেই অতিমূল্যায়ন শনাক্ত হয়েছে। বিপরীতে জরিপভিত্তিক তথ্য এবং তৈরি পোশাক শিল্পের মতো নির্ভরযোগ্য তথ্যের খাতে এ ধরনের প্রবণতা পাওয়া যায়নি।
উদাহরণ হিসেবে উঠে এসেছে রাজস্ব, সিমেন্ট ও পেট্রোলিয়াম খাত। আইবাস চালুর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্বসংক্রান্ত তথ্য সরবরাহে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য পাওয়া যায়নি। পেট্রোলিয়াম খাতের তথ্যও একসময় বেশি দেখানো হয়েছিল বলে জানান উপদেষ্টা।
জিডিপি হিসাবের অন্যতম ভিত্তি হলো মূল্য সংযোজন। ফলে উৎপাদনের পরিমাণ এবং সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের মধ্যে যৌক্তিক সামঞ্জস্য থাকা জরুরি। এই জায়গায় গরমিল থাকলে জাতীয় আয়ের প্রকৃত চিত্রও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তথ্য সংগ্রহে আসছে প্রযুক্তির নজরদারি : পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফেরাতে তথ্য সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনছে সরকার। মাঠ পর্যায়ে জরিপকারীরা নির্ধারিত স্থানে গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা নিশ্চিত করতে জিও-কোডিং ও কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (ক্যাপি) পদ্ধতি চালু করা হচ্ছে। এতে জরিপকারীর অবস্থান এবং মাঠ পর্যায়ের কার্যক্রম যাচাই করা সম্ভব হবে। ঘরে বসে মনগড়া তথ্য তৈরি করে জমা দেওয়ার প্রবণতা শনাক্ত করাও সহজ হবে।
এ ছাড়া শিল্প উৎপাদনের সূচক আইআইপি ও ইউআইআইপির নমুনা নির্বাচন এবং তথ্য সংগ্রহ পদ্ধতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পের প্রকৃত উৎপাদন যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচকও কাজে লাগানো হবে।
জিডিপি হিসাবের পদ্ধতিতেও পরিবর্তনের ভাবনা : বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জাতীয় আয়ের হিসাব করা হয়। এর পাশাপাশি আয়ভিত্তিক পদ্ধতি চালু করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক মানসম্মত ইনপুট-আউটপুট টেবিল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
রফতানি তথ্যের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস ও এনবিআরের তথ্যের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত তথ্য ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তবে সরকার বলছে, পুরো ফরেনসিক অডিট প্রক্রিয়াটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ নয়। খসড়া প্রতিবেদন দুজন বিশেষজ্ঞের মাধ্যমে পিয়ার রিভিউ করা হয়েছে। চূড়ান্ত করার আগে অর্থনীতি ও পরিসংখ্যান সমিতির বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।
গবেষক ও সাধারণ মানুষের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি করতে উন্মুক্ত তথ্যব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। উপদেষ্টা তিতুমীরের মতে, পরিসংখ্যানের নিরপেক্ষতা কোনো নির্দিষ্ট সরকারের মেয়াদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সরকার পরিবর্তন হলেও এর বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে হবে।
জিডিপির প্রকৃত হিসাব নিশ্চিত করা এখন সরকারের অন্যতম লক্ষ্য। কারণ ভুল পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে উন্নয়নের পরিকল্পনা তৈরি হলে তার সুফলও প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। তিতুমীরের ভাষায়, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; রাষ্ট্রের পরিসংখ্যান কোনো ব্যক্তি বা সরকারের সম্পদ নয়, জনগণের সম্পদ।
সময়ের আলো/প্রিন্ট/এসকে