খেলাপি ঋণের ৮০ শতাংশই ফেরত আসার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় ক্রমেই বড় হচ্ছে। এই খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই ফেরত পাওয়ার সম্ভাবনা

2026-11-15T03:45:35+00:00
2026-11-15T03:45:35+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
খেলাপি ঋণের ৮০ শতাংশই ফেরত আসার সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় ক্রমেই বড় হচ্ছে। এই খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অন্যদিকে খেলাপি ঋণের ক্ষতি মোকাবিলায় ব্যাংকের যে মূলধন থাকার কথা, সেখানেই রয়েছে সংকট। এতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
 
শনিবার ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ ট্রাস্টি বোর্ডের সদস্যদের উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সহকারী নূর ইয়ানান জান্নাত।

ঋণ আদায়ের সম্ভাবনা ক্ষীণ : খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি এর গুণগত অবস্থাও ব্যাংক খাতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। ফলে এসব ঋণ আদায় করে ব্যাংকের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ আদায় হচ্ছে না। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, এসব ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি মোকাবিলার জন্য ব্যাংক খাতের পর্যাপ্ত মূলধন নেই। তিনি বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, এর বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। বিশেষ করে মন্দ ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। 

তার হিসাবে, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই আদায় অনিশ্চিত। শাহ মো. আহসান হাবিবের মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের পুরো অংশকে সাধারণ ঋণঝুঁকি হিসেবে দেখার সুযোগ নেই। তার ব্যক্তিগত মূল্যায়নে, মোট খেলাপি ঋণের ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি অংশের সঙ্গে পরিচালনগত দুর্বলতা, অনিয়ম ও অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে।

তিনি বলেন, এসব অনিয়ম ও অপরাধ মোকাবিলা করা শুধু ব্যাংকের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংককে কার্যকর ভূমিকা নিতে হবে।

মূলধন ঘাটতিতে বিপর্যস্ত ব্যাংক : ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতার আরেকটি বড় সূচক হলো মূলধন ঘাটতি। নলেজ হাবের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতির পরিমাণ প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।

এ ছাড়া আদালতের স্থগিতাদেশের কারণে ৮৪৫টি মামলায় আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। ফলে এসব অর্থ আদায় ও ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন ঘটে না। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা— দুই ক্ষেত্রেই ঝুঁকি বাড়তে পারে।

ইচ্ছাকৃত খেলাপির দায় বইছে পুরো অর্থনীতি : খেলাপি ঋণের পেছনে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতাকেও বড় কারণ হিসেবে দেখছেন নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব। তার বক্তব্য, ঋণ পরিশোধে সক্ষম হওয়া সত্ত্বেও যারা ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দিচ্ছেন না, তাদের কারণে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন সাধারণ আমানতকারী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সৎ ব্যবসায়ী এবং ভালো ব্যাংকগুলো।

তিনি বলেন, ঋণ বিতরণের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, এমন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও অনিয়মের দায় বহন করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি যেসব ব্যাংক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে, তারাও সামগ্রিক সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। তার মতে, বাংলাদেশের অর্থনীতি ব্যাংকনির্ভর হওয়ায় ব্যাংক খাতের এই সংকট শেষ পর্যন্ত পুরো অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।

ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি : ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় ধরনের বৈষম্য রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ।

তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯ শতাংশে। একই সময়ে এসব ব্যাংকের আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বিপরীতে ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। এই পরিসংখ্যান পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর ঋণমান, তারল্য ও আমানত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।


আমানত বাড়লেও ঋণ বিতরণে স্থবিরতা : ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরো কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে। অর্থাৎ ব্যাংকে আমানত বাড়লেও সেই অর্থের বিপরীতে বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে না। বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর পৃথক সংকট এই পরিসংখ্যানে আড়াল হয়ে যেতে পারে।

ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ অর্থায়নেও ঘাটতি : ব্যাংক খাতের দুর্বলতা শুধু ঋণ আদায় বা মূলধন সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে ব্যাংকগুলো।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মার্চে মোট ঋণের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণের অংশ ছিল ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ।

গ্রামীণ এলাকায় আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপের সুপারিশ : ব্যাংক খাতের চলমান সংকট মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সময়ভিত্তিক পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা সম্পন্ন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সালের মার্চের মধ্যে প্রতিটি ব্যাংকের জন্য পৃথকভাবে মূলধন পুনরুদ্ধার অথবা রেজুলেশনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। ব্যাংকগুলোর প্রকৃত নগদ আদায়, মূলধনের অবস্থা এবং গ্রাহকসেবার মান সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে এখনও প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে খেলাপি ঋণের উচ্চ হার, আদায় অযোগ্য ঋণের আধিক্য এবং মূলধনের ঘাটতি দেশের ব্যাংক খাতকে এক জটিল পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। শুধু নতুন ঋণ বিতরণ বা আমানত বাড়িয়ে এ সংকট কাটানো সম্ভব নয়। বরং খেলাপি ঋণ আদায়, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   খেলাপি ঋণ  শতাংশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: