চার মাসে এডিপি বাস্তবায়ন ৬ দশমিক ৫৩ শতাংশ, দুই মন্ত্রণালয়ের ব্যয় শূন্য

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর

2026-11-15T23:05:12+00:00
2026-11-15T23:05:59+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
চার মাসে এডিপি বাস্তবায়ন ৬ দশমিক ৫৩ শতাংশ, দুই মন্ত্রণালয়ের ব্যয় শূন্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১১:০৫ পিএম
এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ্দের বিপরীতে কোনো অর্থ ব্যয় করতে পারেনি। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ।   

রোববার (১৫ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির মোট বরাদ্দ ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এ বরাদ্দ বাস্তবায়নে নেওয়া হয়েছে মোট ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে ৯৮৬টি বিনিয়োগ প্রকল্প, ২৩টি সম্ভাব্যতা সমীক্ষা, ১০৯টি কারিগরি সহায়তা এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য ৫৩টি প্রকল্প রয়েছে।

আইএমইডির তথ্য বলছে, গত চার অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।

প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে বিভাগের ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। বরাদ্দের হিসাবে বাস্তবায়নের হার ২০ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে, বড় বরাদ্দ পাওয়া কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি বেশ ধীর। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।


বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। কিন্তু চার মাসে ব্যয় হয়েছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। একইভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের দুই বিভাগেও এডিপি বাস্তবায়নের চিত্র হতাশাজনক। স্বাস্থ্য সেবা বিভাগের ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা।

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে প্রথম চার মাসে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময়ে এডিপির কোনো অর্থই ব্যয় করতে পারেনি।

সময়ের আলো/ইউএমএইচ












  বিষয়:   এডিপি  পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়  পররাষ্ট্র মন্ত্রণালয় 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: