প্রেসিডেন্ট বক্সে লাঞ্ছিত বাফুফে স্টাফ

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

2026-11-15T21:56:38+00:00
2026-11-15T22:02:20+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
খেলা
প্রেসিডেন্ট বক্সে লাঞ্ছিত বাফুফে স্টাফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১০:০২ পিএম
আমন্ত্রণ ছাড়াই বেশ কয়েকজন প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করে খেলা দেখতে বসেন। সংগৃহীত ছবি
বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমন্ত্রণ ছাড়াই বেশ কয়েকজন সেখানে প্রবেশ করে খেলা দেখতে বসেন। তাদের প্রবেশে বাধা দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মী।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট বক্সে এ ঘটনা ঘটে। জাতীয় স্টেডিয়ামের স্পেশাল বক্স সংরক্ষিত এলাকা। বিশেষ কার্ড বা আমন্ত্রণপত্র ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। এরপরও কয়েকজন ব্যক্তি নির্ধারিত পাস ছাড়াই সেখানে উপস্থিত হন।   

স্টেডিয়ামের এক নম্বর গেট ও লিফটে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রভাব খাটিয়ে কয়েকজন প্রেসিডেন্ট বক্সের সামনে চলে আসেন। এ সময় দায়িত্বে থাকা বাফুফের এক কর্মী তাদের সঙ্গে কথা বলেন। অনুমতি ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই এবং আসনসংখ্যাও সীমিত— বিষয়টি বোঝানোর চেষ্টা করেন তিনি।

কিন্তু অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়া আসা ব্যক্তিদের কয়েকজন এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মীকে গালাগাল করেন। একপর্যায়ে তাকে প্রেসিডেন্ট বক্সের পেছনের একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আরেকজন নিজেকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল প্রেসিডেন্ট বক্সে আর্জেন্টিনাসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ ছাড়া অতিরিক্ত লোকজনের প্রবেশে সেখানে হৈচৈ ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাফুফের ওই কর্মীকে কান্নারত অবস্থায় দেখতে পান ফেডারেশনের এক সহসভাপতি। পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বশীল এক ব্যক্তিকে পুরো ঘটনা জানান। এরপর ওই ব্যক্তি ও আগত কয়েকজন বাফুফে কর্মীর কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেন। প্রেসিডেন্ট বক্সে উপস্থিত একাধিক ব্যক্তির কাছ থেকে ঘটনার বিবরণ পাওয়া গেছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিনটি ম্যাচেই উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন জাতীয় স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচে প্রেসিডেন্ট বক্সের জন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও বিশিষ্ট ব্যক্তিদের পাস সরবরাহ করে। ফেডারেশনের চাহিদা অনুযায়ী পাস দেওয়ার পরও প্রতিমন্ত্রীর সঙ্গে এবং তার পরিচয়ে অনেক ব্যক্তি প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন বলে জানিয়েছেন সেখানে উপস্থিত কয়েকজন।


এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও প্রেসিডেন্ট বক্সে অপ্রীতিকর ঘটনা ঘটে। সাফের টিকিট নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে বাফুফের দুই নির্বাহী সদস্য নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে যাওয়ার আগেই এক সহসভাপতির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

আগে প্রেসিডেন্ট বক্সে ফেডারেশনের নির্বাহী কমিটির সব সদস্য একসঙ্গে বসে খেলা দেখতেন। এবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের বসার ব্যবস্থা করা হয়েছে একদিকে। অন্যদিকে বসার ব্যবস্থা করা হয়েছে নির্বাহী কমিটির ১৫ সদস্যের। এ নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট বক্সে নির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে পরিবারের সদস্য বা পরিচিতদের নিয়ে আসার জন্য দুটি করে পাস দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সংখ্যার বাইরে অনেকে বিভিন্ন উপায়ে তিন-চার গুণ বেশি লোক নিয়ে এসেছেন। এতে সংরক্ষিত বক্সটিতে অতিরিক্ত ভিড় তৈরি হয়।

এদিকে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল পারিবারিক কারণে দেশের বাইরে থাকায় বাংলাদেশ দলের দুটি ম্যাচের সময়ই উপস্থিত ছিলেন না। দেশে ফেরার পর এসব ঘটনা নিয়ে তিনি কী পদক্ষেপ নেন, এখন সেটিই দেখার বিষয়।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   প্রেসিডেন্ট বক্স  আমন্ত্রিত অতিথি  বাফুফে স্টাফ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: