প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
তাওহিদ হৃদয়। ছবি : সংগৃহীতআগের ম্যাচেই খেলেছিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। সেই রেশ কাটতে না কাটতেই এবার তুলে নিলেন আরেকটি সেঞ্চুরি। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। একের পর এক বড় ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন তিনি।
২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
সেঞ্চুরির পর হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরে উদ্যাপনের পরিচিত দৃশ্যটিও দেখা গেল জোহানেসবার্গে। এর আগে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন হৃদয়। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন পরিস্থিতিতে খেললেন আরেকটি অসাধারণ ইনিংস।
লিটনকে সঙ্গে নিয়ে রেকর্ড গড়েছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ও দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এখন তাদের। এর আগে ২০২৪ সালে মিরপুরে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের জুটিটি ছিল এই রেকর্ডের মালিক।
এর আগে হৃদয় ও তানজিদ হাসানের ৯৯ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড ভেঙেছিল। ২০০৪ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটিই ছিল আগের রেকর্ড। তবে দুই ঘণ্টাও টেকেনি হৃদয়-তানজিদের সেই রেকর্ড। লিটনকে নিয়ে নতুন রেকর্ড গড়েছেন হৃদয়।
দলের বিপদের সময় দারুণভাবে দায়িত্ব পালন করেছেন লিটনও। ৭১ বল খেলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি। চা বিরতিতে বাংলাদেশ ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করেছে। হৃদয় ৬৬ এবং লিটন ৩০ রানে অপরাজিত ছিলেন। পরে তাদের জুটি আরও বড় হয়েছে।
সময়ের আলো/কেএইচও