প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৩৭ এএম
ছবি : সংগৃহীত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে এমন হারে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। এর জেরে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের শেষ দিকে মাঠে ফ্লেয়ার ছোড়াকে কেন্দ্র করে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুরো ম্যাচে গোলের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেননি বাংলাদেশের রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদরা। কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারলেও গোলরক্ষক ও গোলপোস্টের বাধায় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। অন্যদিকে সুযোগ বুঝে বাংলাদেশের রক্ষণেও চাপ তৈরি করে পাকিস্তান।
ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল সামাদ শেহজাদ। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে দলটি।
গোল হজমের পর গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। এতক্ষণ হামজা চৌধুরী ও রাকিবদের সমর্থনে গলা ফাটানো দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এদিকে ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারদের হতাশ দেখা যায়। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখেন স্বাগতিক ফুটবলাররা। লক্ষ্যে কয়েকটি শটও ছিল তাঁদের। তবে কোনো প্রচেষ্টাই গোলের দেখা পায়নি।
সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল হামজা চৌধুরীর দল। কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের।
অন্যদিকে, আসরের শুরুতে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যাত্রা শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে দলটি।
সময়ের আলো/এসএকে