ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টে ব্যবহার করা হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। আর বাংলাদেশের মাটিতে এই

2026-11-14T23:53:45+00:00
2026-11-14T23:53:45+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খেলা
ঢাকায় ভিএআরের অভিষেক
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত । ছবি : সংগৃহীত
দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টে ব্যবহার করা হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। আর বাংলাদেশের মাটিতে এই প্রযুক্তির অভিষেকের ম্যাচটিই হয়ে উঠল নাটকীয়তায় ভরপুর। ভিএআরের দুই দফা হস্তক্ষেপ, গোল বাতিল ও পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।

গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ম্যাচের নবম মিনিটেই বিষ্ণু পুথিয়া ভালাপ্পিলের গোলে এগিয়ে যায় দলটি। শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভারতীয় রক্ষণে তেমন সুবিধা করতে পারেনি ভুটান। ২৮ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের অধিনায়ক চিংলেনশানা সিং কোনশাম।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল ভারত। ৩৬ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুহাইল আহমেদ বাট। বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণ থেকে দুবার গোলের সুযোগ তৈরি করেছিল ভুটান। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে নাটকীয়তার সূচনা করে ভুটান। ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বলে ভারতীয় ডি-বক্সে জটলা তৈরি হয়। সেখান থেকে বল পেয়ে জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। তবে সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তোলায় গোলের উল্লাস থেমে যায় ভুটানের। এরপরই আসে ভিএআরের হস্তক্ষেপ। প্রযুক্তির সাহায্যে পুনর্বিবেচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। সাফের ইতিহাসে ভিএআর ব্যবহারের প্রথম ঘটনাতেই বদলে যায় ম্যাচের চিত্র। ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে ভুটান।

এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভুটান। ৫৪ মিনিটে আবারও সুযোগ তৈরি করে দলটি। তবে ভারতীয় গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় ভারত। ম্যাচের ৬৫তম মিনিটে দ্বিতীয়বারের মতো আলোচনায় আসে ভিএআর। ভারতের বদলি খেলোয়াড় ইরফান যাদওয়াদের ক্রস ডি-বক্সে নিমা ওয়াংদির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুহাইল আহমেদ বাট। ঠিক তখনই অন-ফিল্ড মনিটরে রিপ্লে দেখার জন্য রেফারিকে ডাকা হয়। ভিডিও পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পেনাল্টি বাতিল করেন তিনি।

ম্যাচের প্রথম ঘণ্টায় দুবার ভিএআরের সহায়তা নেওয়া হয়, দুবারই সিদ্ধান্তে সুবিধা পায় ভুটান। ফলে প্রযুক্তির অভিষেকের ম্যাচে আলোচনার কেন্দ্রে চলে আসে রেফারির সিদ্ধান্ত। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারতও। ৮৫ মিনিটে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্স থেকে সুহাইল আহমেদ বাটের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।


শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে ওঠে ভুটান। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ছোট বক্সে উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে না পারায় হাতছাড়া হয় তাদের সেরা সুযোগ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় মাঠে শুয়ে পড়েন ভুটানের ফুটবলাররা। ১৮ বছর পর সাফের সেমিফাইনালে উঠে প্রথমবার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছিল ভুটান। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। অন্যদিকে ২-১ গোলের জয় নিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল ভারত।

ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেল থেকে বের হওয়ার সময় ভারতের কোচ নওশাদ মুসা বলেন, আমাদের আরও উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে নিজেদের সেরা খেলাটা খেলতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রথমার্ধের ভুলগুলো শুধরে নিতে হবে। আমাদের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাঠে ভালো ফুটবল খেলা। আমরা আত্মবিশ্বাসী, জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   ঢাকা  ভিএআর  অভিষেক  ভুটান  হারিয়ে  ফাইনাল  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: