জোহানেসবার্গে ইতিহাস বদলানোর মিশন । ছবি : সংগৃহীতঅস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনও টাটকা। এর আগে নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট জিতেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানকে তাদের মাঠে ও দেশের মাটিতে হারানোর কৃতিত্বও আছে। তবে টেস্ট ক্রিকেটে দুটি দলের বিপক্ষে জয় এখনও অধরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনোবারই হিসাব মেলাতে পারেনি টাইগাররা। এবার প্রোটিয়াদের মাটিতে সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ বাংলাদেশের সামনে। তবে জোহানেসবার্গের কঠিন কন্ডিশন আর অতীতের পরিসংখ্যান বলছে, কাজটা মোটেও সহজ হবে না।
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের ব্যাটিং সামর্থ্যরে প্রমাণ দেওয়া। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে বরাবরই পেস ও বাউন্সের বিপক্ষে ভুগেছে বাংলাদেশের ব্যাটাররা।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও জয়ের দেখা পায়নি। বৃষ্টির কারণে হওয়া দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি ১৪টিতেই হার। এর মধ্যে নয়টি পরাজয় ইনিংস ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের রেকর্ড আরও হতাশাজনক। আট টেস্টের আটটিতেই হার, যার পাঁচটিতে ইনিংস ব্যবধানে পরাজয়।
ব্যাটারদের পরিসংখ্যানও সেই কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে অন্তত পাঁচটি টেস্ট ইনিংস খেলেছেন বাংলাদেশের এমন কোনো ব্যাটারের গড় ২৫ ছুঁতে পারেনি। ২৪.২৭ গড় নিয়ে তালিকায় সবার ওপরে লিটন দাস। দেশটিতে বাংলাদেশের হয়ে একমাত্র টেস্ট সেঞ্চুরিটি করেছেন মাহমুদুল হাসান জয়।
জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের পেস-সহায়ক উইকেট এবারও ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এই দুই ভেন্যুতে সর্বশেষ সাতটি টেস্টে ৯০ শতাংশ উইকেট নিয়েছেন পেসাররা। ফলে বাংলাদেশের বোলিং আক্রমণে পেসারদের দায়িত্ব বেশি থাকবে বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে স্পিনারদের অবদানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
একাদশে কজন পেসার আর স্পিনার থাকবেন সেটি টস পর্যন্ত অপেক্ষায় রেখেছে বাংলাদেশ দল। তবে তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। অবশ্য ম্যাচের দিন সকালে উইকেট আরেকবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২২ সালে ওয়ানডে সিরিজ জয়ও বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাসের উৎস। তবে ওয়ানডের সাফল্য টেস্টে টেনে আনতে হলে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করতে হবে বলে জানেন তিনি।
অন্যদিকে বাংলাদেশকে মোকাবিলায় নিজেদের একাদশ আগের দিনই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার নেতৃত্বে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। তার সঙ্গে আছেন মার্কো ইয়ানসেন, ডেন প্যাটারসন ও উইয়ান মুল্ডার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন সিমন হারমার। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন জুবায়ের হামজা। তার জায়গা হয়েছে ডেভিড বেডিংহামের পরিবর্তে। একাদশে জায়গা হয়নি জেরাল্ড কোয়েৎজিরও।
বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে অবশ্য এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। গোড়ালির চোটে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে নতুন জুটি গড়তে হবে। দলে ফিরেছেন মুমিনুল হক। তাকে খেলিয়ে শান্ত নিজেই তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে পারেন। সে ক্ষেত্রে মুমিনুল তিনে এবং তাওহীদ হৃদয় চারে ব্যাট করতে পারেন। আরেকটি বিকল্প হলো, নাঈম শেখ কিংবা রবিনের মতো বিশেষজ্ঞ ওপেনারকে একাদশে নেওয়া। সে ক্ষেত্রে তাইজুল ইসলামকে বাইরে রেখে মিরাজের সঙ্গে তিন পেসার নিয়ে চার বোলারের আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ।
ওপেনিং নিয়েও ধোঁয়াশা কাটায়নি ম্যানেজমেন্ট। জাতীয় লিগে দারুণ ফর্মে করা নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন বেশ এগিয়েই আছেন। রবিনকে দলে নেওয়ার পেছনে শুধু ডানহাতি ব্যাটার হওয়ার বিষয়টি কাজ করেছে, এমন ধারণাও নাকচ করে দিয়েছে ম্যানেজমেন্ট।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, বাংলাদেশের পেসাররা অনুকূল কন্ডিশন কাজে লাগিয়ে বিপদ তৈরি করতে পারেন— এ বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন তার ব্যাটাররা।
অতীতের পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে নয়, দক্ষিণ আফ্রিকার পক্ষেই কথা বলছে। তবে ডারউইন, মাউন্ট মঙ্গানুই কিংবা পাকিস্তানের মাটিতে পাওয়া সাফল্য দেখিয়েছে, কঠিন কন্ডিশনেও লড়াই করতে পারে বাংলাদেশ। এবার সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে হাইভেল্ডে ইতিহাস বদলানোর পালা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে