বাঁকবদলের গল্প লেখার অপেক্ষায় বাংলাদেশ

মেহেদী হাসান

খেলা

দীর্ঘ দুই যুগের অপেক্ষা। প্রতিপক্ষ বদলায়নি, বদলে গেছে বাংলাদেশের অনেক প্রজন্ম। বদলেছে অধিনায়ক থেকে কোচ, ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

2026-11-14T02:32:56+00:00
2026-11-14T02:32:56+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খেলা
বাঁকবদলের গল্প লেখার অপেক্ষায় বাংলাদেশ
মেহেদী হাসান
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৩২ এএম 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষা ফুরোয়নি বাংলাদেশ । ছবি : সংগৃহীত
দীর্ঘ দুই যুগের অপেক্ষা। প্রতিপক্ষ বদলায়নি, বদলে গেছে বাংলাদেশের অনেক প্রজন্ম। বদলেছে অধিনায়ক থেকে কোচ, ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষা ফুরোয়নি। ১৬ ম্যাচে ১৪ হার, দুটি ড্র। প্রোটিয়াদের মাটিতে আট টেস্ট খেলে আটটিতেই পরাজয়। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ বাংলাদেশের সামনে। ডারউইনের সাহস, পাকিস্তানের সাফল্য আর দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ইনিংস। সবমিলে নতুন আশার রসদ আছে। তবে ইতিহাস বদলাতে হলে এবার মাঠের লড়াইয়েও নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে হবে।

এই সিরিজের জন্য নিয়োগ পাওয়া টাইগারদের প্রোটিয়া ব্যাটিং স্পেশালিস্ট ডেল ব্যেকেন্সটেইনও মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটা দারুণ চ্যালেঞ্জিং হবে। তার ভাষ্যে, ‘আমরা সবাই জানি যে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে খেলা সহজ হবে না। তবে আমি মনে করি দলটি এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত এবং আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ নভেম্বর, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। দক্ষিণ আফ্রিকায় আগের পাঁচ সফরে বিভিন্ন ভেন্যুতে খেললেও ওয়ান্ডারার্সে এবারই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে, বাংলাদেশের অবস্থান ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চমে। ফলে এই সিরিজের ফল দুই দলের ফাইনালে ওঠার লড়াইয়েও প্রভাব ফেলবে।

বিদেশের মাটিতে সাম্প্রতিক কয়েকটি সাফল্য বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাতে পারে। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জয়, ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতা এবং চলতি বছর অস্ট্রেলিয়ার ডারউইনে ৯ উইকেটের জয়— সবই কঠিন কন্ডিশনে লড়াই করার সামর্থ্যরে প্রমাণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্মৃতি এখনও টাটকা। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। ডারউইনের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজয়, আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হার আবারও দুর্বলতাগুলো সামনে এনেছে।

দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের উইকেটে সাধারণত পেস ও বাউন্স থাকে। নতুন বল সামলানো, অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া এবং লম্বা সময় উইকেটে টিকে থাকার ওপর নির্ভর করবে ব্যাটিংয়ের সাফল্য। সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিংয়ের যে ভঙ্গুরতা দেখা গেছে, তা কাটিয়ে ওঠা জরুরি। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রানে অলআউট হওয়ার পর ১৭০ রানের লক্ষ্য আট উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ক্যারিবীয়রা।

এই পরিস্থিতিতে মুশফিকুর রহিম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ব্যাটও গুরুত্বপূর্ণ। বিশেষ করে হৃদয়ের দিকে থাকবে বাড়তি নজর। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে অপরাজিত ৩৫০ রান করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। স্থানীয় কন্ডিশনে পাওয়া সেই অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্য তা বড় প্রাপ্তি হবে।

বাংলাদেশের আশার জায়গা হতে পারে পেস আক্রমণ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম চলতি বছরে টেস্টে নিয়েছেন ৪৫ উইকেট। ডারউইন টেস্টে হাসান মাহমুদের শিকার ছিল ৯ উইকেট, ম্যাকেতে শরিফুল নিয়েছিলেন ৭ উইকেট। তাদের সঙ্গে থাকছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। পাঁচ পেসার নিয়ে দল সাজানোর সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানানসই। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নাহিদ রানাকে পাওয়া যাচ্ছে না। তার গতি ও বাউন্সের অভাব অবশ্যই অনুভব করবে দল।

উইকেটের কথা মাথায় রেখে নাঈম হাসানকে বাদ দিয়ে খালেদ আহমেদকে দলে নিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে থাকছেন তাইজুল ইসলাম ও মিরাজ। তবে প্রোটিয়াদের বিপক্ষে পেসারদেরই বেশি দায়িত্ব নিতে হতে পারে। শুরুতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটারদের ওপর চাপ ধরে রাখাও হবে গুরুত্বপূর্ণ।

স্বাগতিকদের শক্তির জায়গা তাদের পেস আক্রমণ। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, ডেন প্যাটারসন, করবিন বশ ও উইয়ান মুল্ডার রয়েছেন দলে। অ্যানরিখ নরকিয়া প্রথম টেস্টে খেলার মতো অবস্থায় নেই। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটজকরা বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আসা দলটি আত্মবিশ্বাসেও এগিয়ে। তবে তিন নম্বর পজিশনে টনি ডি জর্জি ও জুবায়ের হামজার মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় প্রোটিয়া ম্যানেজমেন্ট।

বাংলাদেশের ১৬ সদস্যের দলে নতুন মুখ মাহফিজুল ইসলাম। জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। তিনটি শতকের মধ্যে রয়েছে একটি দ্বিশতক। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে তার রান এক হাজারের বেশি। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখও। নাঈমের সঙ্গে মাহফিজুলকে দলে নেওয়ার পেছনে সাদমান ইসলামের চোট বড় কারণ। ফলে ওপেনিংয়ে নতুন সমন্বয় খুঁজতে হবে বাংলাদেশকে।

সবমিলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অনেক। শক্তিশালী প্রতিপক্ষ, অপরিচিত ভেন্যু, পেস সহায়ক উইকেট এবং সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা— সবকিছু সামলে খেলতে হবে। তবে ডারউইনের জয়, হৃদয়ের দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা এবং পেসারদের সামর্থ্য আশার জায়গা তৈরি করেছে। ২৪ বছরের অপেক্ষা এবারই শেষ হবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু প্রতিপক্ষের মাঠে অন্তত একটি জয় কিংবা ড্র নিয়ে ফিরতে পারলেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায়। সেই লক্ষ্যে প্রথম শর্ত, পাঁচ দিন ধরে নিজেদের সেরা ক্রিকেট খেলা।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   বাঁকবদল  গল্প  লেখা  অপেক্ষায়  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: