পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে শেষ অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন হামজারা। ছবি : বাফুফেসাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বুনছে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর অপেক্ষার অবসান প্রত্যাশা করছেন বোদ্ধা থেকে সাধারণ ফুটবলপ্রেমী সমর্থক। ২০০৫ সালে সবশেষ সাফের ফাইনালে খেলে লাল-সবুজের দল। এরপর দুই দশকের বেশি সময় পার হলেও শিরোপার মঞ্চে পা রাখা হয়নি। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, শামিত সোম, রাকিব হোসেন কিংবা তারিক কাজী, জামাল ভূঁইয়াদের হাত ধরে এবার শিরোপার স্বপ্নে বিভোর বাংলাদেশ।
ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৮ বছর পর বসেছে দক্ষিণ এশিয়ার ফুটবল মহাযজ্ঞ। সেই যুদ্ধে জয়ী হয়ে শিরোপামাল্য গলায় পরতে চায় বাংলাদেশ। তার আগে সেমিফাইনাল বৈতরণী পার হতে হবে হামজা চৌধুরীর দলকে। আজ শেষ চারে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ২০০৫ সালে সবশেষ দুদল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার পাকিস্তানের করাচি পিপলস স্টেডিয়ামে ১-০-তে জিতে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ডিফেন্ডার সুজন হোসেন জয়সূচক গোলটি করেছিলেন।
দেখতে দেখতে ২১ বছর কেটে গেছে। দুদলের আর সাফের সেমিতে খেলা হয়নি। যদিও ২০০৯, ২০১১, ২০১৩ এবং ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল। তবে সেগুলো ছিল গ্রুপপর্বের লড়াই। সাফে দুদলের প্রতিদ্বন্দ্বিতার গল্প বেশ পুরোনো। ১৯৯৯ সালে প্রথমবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দেখায় জয়ের স্বাদ পায় লাল-সবুজের দল। এরপর ২০০৫ সালে দ্বিতীয়বারের দেখাতেও ফল ছিল অভিন্ন। টানা দুই হারের পর ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ২০০৯ ও ২০১১ সাফে বাংলাদেশকে জয়বঞ্চিত করে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০১৩ সাফে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয়ের মুখ দেখে পাকিস্তান। এরপর ২০১৫ সাফ চ্যাম্পিয়নশিপে দেখা না হলেও ২০১৮ সালে পুরোনো হারের বদলা নেয় বাংলাদেশ।
শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, কায়েদ-ই আজম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ— সব হিসাব টানলে দুদল পরস্পরের বিপক্ষে মোট ১৮ বার মুখোমুখি হয়। এতে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৫টি। দুদলের বাকি ৫ ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়। ১৯ বারের মতো আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে আজ পাকিস্তানকে আতিথ্য দেবেন হামজারা। নিজেদের ঘরের মাঠ, চেনা কন্ডিশন, গ্যালারিতে হাজারও সমর্থকের জোরালো সমর্থন; সবই থাকবে বাংলাদেশের। তারপরও এই ম্যাচটি সহজ নয়। বর্তমান পাকিস্তান ফুটবল দল আর আগের মতো নেই। দলটির প্রতিভাবান অরিজিন খেলোয়াড় যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।
বাংলাদেশ ফুটবল দলও আগের অবস্থানে নেই। যদিও র্যাঙ্কিং নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। তবে দলটির সামর্থ্য নিয়ে মোটেও প্রশ্ন নেই। প্রশ্ন নেই হামজা, ফারহান, শামিত কিংবা রাকিব, ইব্রাহিমদের প্রতিভা নিয়ে। বিশেষ করে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর শুধু সেমিফাইনাল জয়ের নয়, ফাইনালেও জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। খোদ এমন স্বপ্নের কথা বলেছেন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পুরোনো নায়ক রোকনুজ্জামান কাঞ্চন এবং জাহিদ হাসান এমিলি। সাফে বাংলাদেশ যে একবার শিরোপা জিতেছে (২০০৩ সালে) সেই দলের সদস্য ছিলেন কাঞ্চন। পরের আসরেও দলকে ফাইনালে তুলতে ভূমিকা ছিল এই প্রতিভাবান ফরোয়ার্ডের।
২০০৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ফাইনালে তোলার অন্যতম নায়ক তখনকার তরুণ ফুটবলার এমিলি। সেই এমিলিও বর্তমান দলকে ফাইনালে দেখছেন। শিরোপার দাবিদার বলে হামজাদের এগিয়ে রাখছেন। সেমিফাইনাল ম্যাচ নিয়ে সময়ের আলোকে এমিলি বলেন, ‘আমি তো মনে করি বাংলাদেশ সেমিফাইনালেই জিতবে, ফাইনালেও জিতবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দল দুর্দান্ত খেলেছে। ওই ম্যাচটি মূলত হামজাদের সামর্থ্যকে সবার সামনে নিয়ে এসেছে। হামজা, ফারহান, শামিতদের প্রতিভা আছে। আমরা আর একবার তাদের হাত ধরে ফাইনালে যাওয়ার অপেক্ষায় আছি।’ তবে বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি প্রতিপক্ষকে পাকিস্তানকে কঠিন মানছেন এমিলি। ম্যাচটি উতরে গেলে শিরোপা জেতা সহজ হয়ে যাবে মন্তব্য এ ফরোয়ার্ডের।
২০০৩ সালে ঘরের মাঠে সবশেষ সাফ শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে পুরো দেশ। ওই আসরে দুর্দান্ত খেলে কাঞ্চন। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারায় লাল-সবুজের দল। ওই ম্যাচে প্রথম গোলটি ছিল কাঞ্চনের। ফাইনালে মালদ্বীপের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে ড্র। ওই ম্যাচেও বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি ছিল কাঞ্চনের। এ ছাড়া ওই আসরে গ্রুপপর্বে ভুটানের বিপক্ষেও গোল করেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেন সময়ের আলোর সঙ্গে। কাঞ্চন বলেন, ‘সত্যি বলতে ভুটান ম্যাচের পর আমি হতাশ হয়ে পড়েছিলাম। অনেক কষ্টে ওই ম্যাচটি জিতেছিল দল। তবে হামজা, ফারহানরা আসার পর দলের চিত্রই যেন বদলে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জিতেছি, এরপর আমি বলতে পারি আমি আগামীকাল (আজ) শুধু পাকিস্তানকে হারিয়ে ফাইনালেই খেলবে না; সাফও জিতবে। হামজার দলের সেই সামর্থ্য রয়েছে।’
২০০৫ সালে পাকিস্তানকে সেমিতে হারিয়ে ফাইনালে খেলেছিলেন কাঞ্চনরা। সেই স্মৃতি এখনও জ্বলজ্বলে। কাঞ্চন যোগ করেন, পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম। হামজারাও আজ তাই করবে। হামজা, ফারহান যোগ দেওয়ায় দলের ৯ নম্বর পজিশন নিয়ে এখন আর মাথাব্যথা নেই। ইব্রাহিম, রাকিব, শামিতও রয়েছেন দারুণ ফর্মে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি তো ঘরের মাঠে আরেকবার শিরোপা জয়ের স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করেছি। হামজাদের হাত ধরে ট্রফি জিতবে দল এটা আমি নিশ্চিত করেই বলছি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে দাপটে জয়ের পর থেকেই আলোচনায় হামজা, ফারহানরা। দীর্ঘ ২৩ বছর সাফ শিরোপা খরায় ভুগছে বাংলাদেশ। হামজাদের হাত ধরে এবার বাঁক বদলের ইতিহাস লেখার পালা। শিরোপা জয়ের উৎসবে মাতার পালা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে