ছবি : সংগৃহীত তায়কোয়ান্দোর প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন এবং দক্ষ কোচ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স’। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে তিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির সমাপনী আগামী ১৪ নভেম্বর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রিফ্রেশার কোর্সের উদ্বোধন করেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তায়কোয়ান্দো ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।
দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ আনসার, বিকেএসপি এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ এবারের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তায়কোয়ান্দোর প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং কোচদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এবারের প্রশিক্ষণের মাধ্যমে কোচদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি তায়কোয়ান্দো অঙ্গনে প্রশিক্ষণের গুণগত মান বাড়বে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
রিফ্রেশার কোর্স তায়কোয়ান্দো কোচদের জন্য কতটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেই দিক তুলে ধরেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তিনি বলেন, ‘আপনি যত বড় কোচ হন না কেন, রিফ্রেশার কোর্স না করলে আপনি নেক্সট দায়িত্ব পালন করতে পারবেন না। রিফ্রেশার কোর্স করতেই হবে।
রিফ্রেশার কোর্সের কোনো বিকল্প নাই।’ রানা আরও যোগ করেন, ‘যারা এখানে দায়িত্ব পালন করছেন, সব কর্মকর্তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন জেলা, বিভিন্ন সংস্থা থেকে প্রোগ্রামে এসেছেন সম্মানিত কোচদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা থাকবে, আর আপনারা মনোযোগ দিয়ে কোর্সের প্রশিক্ষণ নেবেন— সেটা আমার বিশেষ অনুরোধ। এটা খুব গুরুত্বপূর্ণ কোর্স।’
বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক প্রোগ্রাম চালু রেখেছে। তায়কোয়ান্দোকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে। সেই কাজে অগ্রণী ভূমিকা রাখছেন শায়রুল কবির খান। গতকাল রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং আমাদের যে চেষ্টা এবং আমাদের ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য যারা আছেন, সবারই চেষ্টা আছে যে আমরা এই ফেডারেশন অনেক ফেডারেশনের চেয়ে ভালো করব। আমি আশ্বাস রাখতে পারি এবং আমি আপনাদের বলতে পারি যদি আমরা সাফল্য অর্জন করতে পারি, তা হলে আমাদের নিজস্ব ভবন হবে, নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে এবং আপনারা যারা প্রশিক্ষক আছেন, খেলোয়াড়দের ভালোবাসেন, খেলোয়াড় তৈরি করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আমরা আগামী এক-দুই বছরের মধ্যে আরও ভালো সাফল্য অর্জন করতে পারব।’
শায়রুল কবির খানও আর যোগ করেন, ‘আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের পাশে থাকতে, সর্বোচ্চ চেষ্টা করব সরকারের কাছ থেকে এবং অন্যান্য জায়গা থেকে যেন আমরা সহযোগিতা পাই, সাফল্য অর্জন করতে পারি। সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’
সময়ের আলো/প্রিন্ট/এসএকে