অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । ছবি : সংগৃহীতআট বছর আগের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড যেন আবারও তাড়া করছে অস্ট্রেলীয় ক্রিকেটকে। উসমান খাজার আত্মজীবনীতে করা বিস্ফোরক অভিযোগে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন তখনকার দলের সদস্যরা, এমনকি অধিনায়ক প্যাট কামিন্সও। এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক। সাবেক সতীর্থের অভিযোগের জবাব দিতে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
গত সপ্তাহে আত্মজীবনী প্রকাশের আগে ২০১৮ সালের সেই বিতর্ক সামনে আনেন খাজা। তার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষে সুইং করানোর পরিকল্পনা সম্পর্কে পুরো দল জানত। তখনকার অধিনায়ক কামিন্সও বিষয়টি জানতেন বলে অভিযোগ করেন তিনি। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহারের দাবি করেছেন খাজা।
অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, পরিকল্পনাটি সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকে দেশে ফেরত পাঠানো হয় এবং পরে নিষিদ্ধ করা হয়। ২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন জানিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্স জানিয়েছেন, অভিযোগের পুরো ব্যাপ্তি বুঝে যথাযথ জবাব দিতেই সময় নিয়েছেন তিনি। তার ভাষায়, ‘এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। উজির অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’
এদিকে খাজার অভিযোগের পরও নিজের অবস্থানে অনড় স্টার্ক। বুধবার তিনি বলেন, ‘অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি। মাঠে কী ঘটেছে, তা আমরা জানতাম না।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুনও কামিন্সের পাশে দাঁড়িয়েছেন। দ্য অস্ট্রেলিয়ানকে তিনি বলেন, ‘আমরা প্যাটকে পুরোপুরি সমর্থন করি।’ খাজার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বুন আরও বলেন, ‘উসমানের দৃষ্টিভঙ্গি এবং সে সময়ের ঘটনা সম্পর্কে তার স্মৃতিকে আমি সম্মান করি। সেগুলো তার নিজস্ব স্মৃতি। তবে আমরা একজন বলেছে, আরেকজন বলেছে এমন বিতর্কে জড়াতে চাই না।’
তবে এখন পর্যন্ত খাজার অভিযোগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি স্মিথ ও ব্যানক্রফট। তবে কামিন্সের নেতৃত্ব নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বুন।
সময়ের আলো/প্রিন্ট/এসকে