প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:১০ এএম
ছবি : সংগৃহীতফুটবল মাঠে নিজের জাদুকরী পায়ের কারিকুরিতে মুগ্ধ করেছেন কোটি সমর্থককে। গতি, ড্রিবলিং আর ক্ষিপ্রতায় প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো সেই নেইমার জুনিয়র এখন লড়ছেন নিজের শরীরের সঙ্গে। বয়স ৩৪ পেরিয়েছে। সামনে আরও কয়েক বছর খেলার সম্ভাবনা থাকলেও চোটের ধকল তাকে ভাবিয়ে তুলছে। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংস লিগের সরাসরি সম্প্রচারে দেওয়া এক মন্তব্যে ফুটবল জীবনের কঠিন বাস্তবতাই যেন সামনে আনলেন সান্তোস ফরোয়ার্ড।
অনুষ্ঠানে নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। মজা করে ২০৩০ সালে কিংস লিগে খেলার ইচ্ছার কথা জানান তিনি। এ সময় কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেস তাকে আরও পাঁচ-ছয় বছর ফুটবল চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেন। জবাবে নেইমার বলেন, ‘তোমার যদি আমার হাঁটু থাকত, তা হলে বুঝতে।’
কথাটি হাস্যরসের ছলে বললেও এর পেছনে রয়েছে দীর্ঘদিনের চোটের ইতিহাস। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বারবার শারীরিক সমস্যায় পড়েছেন ব্রাজিল তারকা। ২০১৪ বিশ্বকাপেই যার সবচেয়ে বড় ধাক্কাটি আসে। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুয়ান কামিলো জুনিগার চ্যালেঞ্জে মেরুদণ্ডের হাড়ে চিড় ধরে। তাতে দেশের মাটিতে বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হয়নি নেইমারের। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক লজ্জার হার মাঠের বাইরে বসে দেখেন তিনি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগেও চোটের সঙ্গে লড়তে হয়েছে। মেটাটারসাল হাড় ভাঙা ও গোড়ালির গুরুতর সমস্যায় টুর্নামেন্টের আগে পুরোপুরি ছন্দে ছিলেন না। এরপরও ব্রাজিলের পাঁচটি ম্যাচেই খেলেন নেইমার। করেন দুটি গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট। কাতার বিশ্বকাপেও বদলায়নি চিত্র। ২০২২ সালে সার্বিয়ার বিপক্ষে ডান গোড়ালির লিগামেন্টে চোট পান। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। নকআউট পর্বে ফিরে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও চোটের কারণে তার বিশ্বকাপ অভিযান আবারও বাধাগ্রস্ত হয়।
সাম্প্রতিক সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাম হাঁটু। ২০২৫ সালে সান্তোসে ফেরার পর থেকেই নিয়মিত মাঠে
থাকা কঠিন হয়ে পড়েছে তার জন্য। বারবার শারীরিক সমস্যায় ছন্দ হারাতে হয়েছে। গত বছরের ডিসেম্বরে হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারও করান। ২০২৬ বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে প্লেটলেট রিচ প্লাজমা (পিআরপি) পদ্ধতিতে চিকিৎসাও নিয়েছেন।
নেইমারের খেলার ধরনই এমন, যেখানে গতি, ভারসাম্য, ক্ষিপ্রতা ও দ্রুত দিক পরিবর্তনের প্রয়োজন হয়। ফলে হাঁটুর সমস্যা তার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। যদিও মাঠে নামলে এখনও নিজের সামর্থ্যরে ঝলক দেখাচ্ছেন। ফ্লামেঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে বুঝিয়েছেন, আক্রমণভাগে তার দক্ষতা এখনও ফুরিয়ে যায়নি। তবে বাহিয়ার বিপক্ষে লাল কার্ড ও পরবর্তী নিষেধাজ্ঞা তার মাঠে ফেরার ধারাবাহিকতায় নতুন বাধা হয়ে দাঁড়ায়। পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সান্তোসের আপিল সফল হওয়ায় পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পান নেইমার।
নেইমারের সাম্প্রতিক মন্তব্যকে অবশ্য এখনই অবসরের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। বরং দীর্ঘ ক্যারিয়ারে চোটের সঙ্গে লড়াই করতে করতে তার শরীর কতটা ধকল সয়েছে, সেটিই ফুটে উঠেছে কথায়। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা দেবেন এই ব্রাজিলিয়ান। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শরীরের যত্ন নেওয়া ও চোট এড়িয়ে চলাই হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সময়ের আলো/প্রিন্ট/এমকে