প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০০ এএম
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে শ্রীলঙ্কান রক্ষণে বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরীর হেড করে গোল করার চেষ্টা। গতকাল জাতীয় স্টেডিয়ামে। ছবি : বাফুফেগ্যালারিভর্তি দর্শক, অধিনায়কের আর্মব্যান্ড হাতে হামজা চৌধুরী, আর মাঠজুড়ে গোলের উৎসব— সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে স্মরণীয় এক সন্ধ্যা কাটাল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন হামজা। বাকি তিন গোল শমিত সোম, ফারহান আলী ও রাকিব হোসেনের।
প্রথম দুদিন জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল কম। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বদলে যায় চিত্র। দর্শকদের সরব উপস্থিতিতে প্রাণ ফিরে পায় স্টেডিয়াম। তাদের সামনেই অধিনায়কের আর্মব্যান্ড হাতে মাঠে নামেন হামজা। একাদশেও ছিল কয়েকটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে শুরুতে খেলা বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমকে বেঞ্চে রেখে দল সাজান কোচ টমাস ডুলি। তাদের জায়গায় শুরু থেকে খেলেন হামজা, ফারহান ও ইব্রাহিম।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ট্যাকলের শিকার হন তারিক কাজী। পঞ্চম মিনিটে রাকিবের ক্রস থেকে হেডের চেষ্টা করেন হামজা। পরে বক্সের বাইরে রাকিবকে ফাউল করেন শ্রীলঙ্কার নিলয়সেন। ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেননি হামজা। তবে অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রসে শমিত সোমের প্রথম শট আটকে যায়। ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল।
১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে জোরালো শট নেন হামজা, তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে ব্যাকহিলের চেষ্টা করেও সফল হননি তিনি। ৪০ মিনিটে ডি লং সিলভা শ্রীলঙ্কার হয়ে সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে এগিয়ে যান তিনি। এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া তার শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। অধিনায়কত্বের অভিষেকেই গোল পান হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল; সব কটিই জাতীয় স্টেডিয়ামে।
বিরতির পরও বাংলাদেশের গোলের ক্ষুধা কমেনি। ৫৩ মিনিটে শমিতের কাছ থেকে বল পেয়ে একে একে তিন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন ফারহান আলী। বক্সের বাইরে থেকে বাঁ দিকে বল নিয়ে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। ৬১ মিনিটে মাঠ ছাড়েন ফারহান। ৬৭ মিনিটে বদলি হিসেবে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম ও হৃদয়। এরপর ৭০ মিনিটে শুকি এবং পরের মিনিটে ফাহিমের শট ঠেকান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন।
শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। মাঝমাঠে শমিতের কাছ থেকে বল পেয়ে এগিয়ে যান রাকিব হোসেন। এরপর গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। তাতে স্কোর লাইন দাঁড়ায় ৪-০। বাকি সময়ে আর গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। আগামী ১৪ নভেম্বর শেষ চারে পাকিস্তানের মুখোমুখি হবে হামজার দল। অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত একই দিনে খেলবে ভুটানের বিপক্ষে। মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে ভারত।
সময়ের আলো/প্রিন্ট/এমকে