গতবছরের রেশ কাটতে না কাটতেই আইপিএলে ফেরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের সামনে। আগামী মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন তিনি। তার সঙ্গে নিলামের তালিকায় নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মোস্তাফিজসহ মোট ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে।
এর আগে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিকে, আইপিএলে এখন পর্যন্ত ৯ মৌসুমে পাঁচটি দলের হয়ে ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। শিকার করেছেন ৬০ উইকেট। ২০১৬ সালে অভিষেক আসরেই জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখা যাবে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন আটজন। তবে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার হিসাব চূড়ান্ত হওয়ার পরই নিলামে দলগুলোর হাতে থাকা অর্থের পরিমাণ জানা যাবে।
সময়ের আলো/এসকে