ফাইনালের পথে যুবাদের পাকিস্তান-বাধা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আহসান আল মুমিনের ব্যাটে রেকর্ড গড়া ১৫২ রানের ইনিংসের রেশ এখনও কাটেনি। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন

2026-11-12T03:15:21+00:00
2026-11-12T03:15:21+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খেলা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ফাইনালের পথে যুবাদের পাকিস্তান-বাধা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:১৫ এএম 
ছবি : সংগৃহীত
আহসান আল মুমিনের ব্যাটে রেকর্ড গড়া ১৫২ রানের ইনিংসের রেশ এখনও কাটেনি। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন সহ-অধিনায়ক। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে যুবা টাইগারদের সামনে সেই পাকিস্তান, যাদের বিপক্ষে গত আসরে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে আজিজুল হাকিমের দলকে।

আজ বেলা ১১টায় ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে টানা দুই আসরে শিরোপা জিতেছিল যুব টাইগাররা। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে পেরোতে হবে পাকিস্তানের বাধা।

অবশ্য এবারের আসরে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারে ফরিদ হাসানের দল। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রানার্সআপ হিসেবে নিশ্চিত করে শেষ চার।


অন্যদিকে পাকিস্তান আছে দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও জয় তুলে নেয় তারা। তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক ফর্মের পাশাপাশি দুদলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও এগিয়ে রাখছে পাকিস্তানকে। শেষ পাঁচ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। সেটিও ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে। ফলে এবারও পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বাংলাদেশেরও বড় ভরসা রয়েছে। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন আহসান আল মুমিন। তিন ম্যাচে ২৩৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১২টি চার ও ১০টি ছক্কা। বিশেষ করে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংসটি বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ সহজ করে দেয়।

বল হাতে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন তাফিউল আলম তামিম। তিন ম্যাচে তার শিকার ১৩ উইকেট। মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই বিপর্যস্ত করেছিলেন এই পেসার। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আফগানিস্তানের নুর আলির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ফাইনাল  পথে  যুবাদের  পাকিস্তান  বাধা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: