প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৭ এএম
ছবি : সংগৃহীতসিলেট টেস্টে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদে ১১৫ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা ১০০-তে। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ৬০তম। অন্যদিকে সিলেটে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে (৩২তম) উঠেছেন পেসার হাসান মাহমুদ।
মিরপুর টেস্টে দৃষ্টিকটু দুটি শটে দুই ইনিংসেই আউট হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। তবে সিলেটে ঘুরে দাঁড়ানোর জবাবটা দিয়েছেন ব্যাট হাতেই। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস। ২২টি চার ও রেকর্ড ১১টি ছক্কায় সাজানো সেই ইনিংসে ভেঙেছেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। নিজের আদর্শ ও একই শহর বগুড়ার সন্তান মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের রেকর্ড পেছনে ফেলেন তিনি। এক ইনিংসে ছক্কার সংখ্যায়ও তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের নতুন রেকর্ড গড়েন হৃদয়।
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ডানহাতি। আটটি চারে করেন ৮২ রান। ড্র হওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতে। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় হৃদয়ের বড় উন্নতি হলেও বাংলাদেশের অন্যদের অবস্থানে খুব বেশি পরিবর্তন আসেনি। ২২তম স্থানে অপরিবর্তিত রয়েছেন মুশফিকুর রহিম। ছয় ধাপ পিছিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন ৩২তম স্থানে। এক ধাপ পিছিয়ে লিটন কুমার দাস ৩৮তম স্থানে।
বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। এক ধাপ পিছিয়ে তার অবস্থান ২৫তম। সাত ধাপ অবনতি হয়ে ২৮তম স্থানে নেমে গেছেন তাইজুল ইসলাম। তবে উন্নতির ধারায় আছেন হাসান মাহমুদ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এর সুবাদে ছয় ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন এই পেসার, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যেও উন্নতি হয়েছে আমির জাঙ্গু ও কাভেম হজের। দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করা হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন। প্রথম ইনিংসে ১৩৩ রান করা জাঙ্গুর উন্নতি ২৮ ধাপ। তিনি আছেন ৬২তম স্থানে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে এগিয়েছেন জোমেল ওয়ারিক্যান। ম্যাচে মোট ৭ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ১১ ধাপ এগিয়ে সতীর্থ শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। আগের মতোই চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম স্থানে উঠেছেন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে