ছবি : সংগৃহীতউয়েফা নেশনস লিগে গ্রুপপর্বে জমে উঠেছে শেষ মুহূর্তের লড়াই। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইউরোপের ফুটবল পরাশক্তিরা। ইতালি-ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে যেমন থাকছে মর্যাদার প্রশ্ন, তেমনি ইংল্যান্ডের সামনে ইতিহাস গড়ার হাতছানি, তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। অন্যদিকে স্পেনের প্রতিপক্ষ চেকিয়া, আর তুরস্কের সামনে কঠিন চ্যালেঞ্জ বেলজিয়াম।
ইতালি ও ফ্রান্সের লড়াইয়ে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সই বাড়াচ্ছে উত্তেজনা। নেশনস লিগে নিজেদের সর্বশেষ তিন ম্যাচে অপরাজিত ইতালি। এ সময়ে ৮টি গোল করেছে তারা। তবে ম্যাচ জিতলেও এবারের আসরে চার ম্যাচ খেলেও প্রতি ম্যাচেই গোল হজম করেছে আজ্জুরিরা। বিপরীতে চার ম্যাচে অপরাজিত ফ্রান্স গোল হজম করেছে মাত্র দুটি। প্রতিপক্ষের মাঠে খেলা দুই ম্যাচে কোনো গোল খায়নি তারা।
ইতালির জন্য দুশ্চিন্তার জায়গা নিজেদের মাঠে ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড। ঘরের মাঠে ফরাসিদের কাছে সর্বশেষ তিনবারই হেরেছে। ওই তিন ম্যাচে ৮ গোল হজম করেছে ইতালি। দুই দলের সর্বশেষ ছয় দেখাতেই গোল পেয়েছে উভয় দল। এ ছাড়া সর্বশেষ পাঁচ দেখায় তিনটিতে জিতেছে ফ্রান্স, গোল করেছে ১১টি।
ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা হয়ে এসেছে অরেলিয়েন চুয়ামেনির চোট। ডান উরুর অ্যাডাক্টর পেশিতে চোট পেয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন এই মিডফিল্ডার। ফলে মাঝমাঠে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে পাচ্ছে না ফরাসিরা।
এদিকে ইংল্যান্ডের সামনে রয়েছে ব্যক্তিগত ও দলীয় ইতিহাস গড়ার সুযোগ। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ইংলিশদের সবচেয়ে বড় আলোচনার বিষয় হ্যারি কেইন। ব্যালন ডি’অর জিতে জাতীয় দলে ফিরেছেন তিনি। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলে ইংল্যান্ডের হয়ে কেইনের ম্যাচসংখ্যা হবে ১২৬। তাতে ১২৫ ম্যাচ খেলা পিটার শিলটনকে ছাড়িয়ে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন এই স্ট্রাইকার।
চলতি নেশনস লিগে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে ইংল্যান্ড। বিপরীতে ২০২৬ সালে সাত ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়া এবং হজম করেছে ২৮ গোল। কোনো এক পঞ্জিকাবর্ষে তাদের এত বেশি হার ও গোল হজমের ঘটনা আগে ঘটেনি। কোচ বিলিচের অধীনেও সময়টা ভালো যাচ্ছে না দলটির। দায়িত্বে ফেরার পর চার ম্যাচের তিনটিতেই হেরেছে বিলিচবাহিনী। অথচ আগে দায়িত্বে থাকা অবস্থায় ৩৪ ম্যাচে হেরেছিলেন মাত্র তিনবার।
ইংল্যান্ডের জন্য সতর্কবার্তা হতে পারে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল। সেবার ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছিল ইংলিশদের। ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বশেষ জয়টিও সেই ম্যাচে। চলতি নেশনস লিগে ক্রোয়েশিয়ার চার ম্যাচের প্রতিটিতেই অন্তত তিনটি করে গোল হয়েছে।
অন্যদিকে স্পেনের সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ চেকিয়া। নেশনস লিগে চার ম্যাচের সবকটিতেই হেরেছে চেকরা। গোল করেছে মাত্র দুটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হার তাদের, জয়হীন সর্বশেষ সাত ম্যাচে। স্পেনের বিপক্ষে ছয় দেখায় তাদের একমাত্র পয়েন্টটি এসেছিল ২০২২ সালের জুনে, ঘরের মাঠে ২-২ গোলের ড্রয়ে।
স্পেনও রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের চার জয়ে প্রতিটি ম্যাচে গড়ে তিনটি করে গোল করেছে তারা। তবে হাঁটুর চোটের কারণে দলে নেই লামিনে ইয়ামাল। ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ২৫টি গোল ও গোলে সহায়তা করা এই তরুণের অনুপস্থিতি কিছুটা হলেও ভাবাবে স্পেনকে। গোলপোস্টের নিচে ভরসা উনাই সিমন। এবারের গ্রীষ্মে বিশ্বকাপজয়ী স্পেনের হয়ে টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছিলেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে