নিজের নামেই বড় হোক ফারহান

আরমান মুকুল

খেলা

একটি গোল কখনো কখনো শুধু স্কোরবোর্ডের সংখ্যা বাড়ায় না, জন্ম দেয় নতুন সম্ভাবনারও। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের করা চোখ

2026-11-13T07:14:54+00:00
2026-11-13T07:14:54+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খেলা
নিজের নামেই বড় হোক ফারহান
আরমান মুকুল
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১৪ এএম 
ছবি : সংগৃহীত
একটি গোল কখনো কখনো শুধু স্কোরবোর্ডের সংখ্যা বাড়ায় না, জন্ম দেয় নতুন সম্ভাবনারও। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের করা চোখ ধাঁধানো গোলটি যেন তেমনই এক মুহূর্ত। একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ানোর দৃশ্য এখনও ঘুরছে ফুটবলপ্রেমীদের আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রশংসা। কেউ তুলনা করছেন লিওনেল মেসির সঙ্গে, কেউ আবার খুঁজে পাচ্ছেন নেইমার কিংবা লামিন ইয়ামালের ছায়া। তবে সতীর্থদের মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধতা প্রকাশ করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। তার চাওয়া, অন্য কারও সঙ্গে তুলনায় নয়, নিজের ফুটবলশৈলী দিয়েই আলাদা পরিচিতি গড়ে তুলুক ফারহান।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েন ফারহান। একে একে তিনজন ডিফেন্ডারকে পেছনে ফেলে আরও দুজনের মাঝ দিয়ে বক্সে ঢুকে তার নেওয়া শট ঠেকানোর সাধ্য ছিল না গোলরক্ষকের। দৃষ্টিনন্দন সেই গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ৪-০ গোলের জয়ে ফারহানের এই ব্যক্তিগত নৈপুণ্য হয়ে ওঠে ম্যাচের অন্যতম আকর্ষণ।

গোলটি দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। এবার জামালও জানালেন, জাতীয় স্টেডিয়ামে তার দেখা সেরা গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ফারহানের এই গোল। এমনকি হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের সঙ্গে একই কাতারে রেখেছেন তরুণ ফরোয়ার্ডের কীর্তিকে। জামালের ভাষায়, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি এটি। হামজার বাইসাইকেল কিক আর ফারহানের গোল— আমার মনে হয় ফারহান গতকাল (বুধবার) যে গোলটি করেছে, সেটি সেরা তিনের মধ্যে অবশ্যই থাকবে।’

ফারহানের গোলের ধরনই যেন দর্শকদের মনে করিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের কথা। ড্রিবলিং, গতি, বলের নিয়ন্ত্রণ আর প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার দক্ষতায় অনেকেই খুঁজে পেয়েছেন মেসি-নেইমারদের খেলার ছাপ। কিন্তু জামাল চান না, ফারহানের পরিচিতি গড়ে উঠুক অন্য কোনো ফুটবলারের সঙ্গে তুলনার মাধ্যমে। তার মতে, প্রতিভাবান এই তরুণের নিজের সামর্থ্যইে আলাদা জায়গা তৈরি করার যথেষ্ট উপাদান রয়েছে।

এ প্রসঙ্গে জামাল বলেন, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি কিংবা লামিন ইয়ামালের মতো গোল করেছে। আসলে আমি চাই, ফারহান নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়ের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা বলছেন আমাদের মেসি, আমাদের লামিন ইয়ামাল। কিন্তু আমি চাই, ফারহান নিজের নাম বড় করুক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’


শুধু ফারহানের নৈপুণ্য নয়, দলের সামগ্রিক পারফরম্যান্সেও সন্তুষ্ট জামাল। ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে পাঁচ গোল করেছে বাংলাদেশ। বিপরীতে নিজেদের জালে বল ঢুকতে দেয়নি একবারও। 

আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী মনে করছেন জামাল। পাকিস্তান ইতিমধ্যে ভারতের বিপক্ষে ৩-২ গোলে লড়াই করে হেরেছে। পরে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। ফলে সেমিফাইনালে সহজ কোনো পরীক্ষা অপেক্ষা করছে না বাংলাদেশের জন্য। 

এদিকে টানা ম্যাচের ব্যস্ত সূচিতে দলের পুরো স্কোয়াডকে প্রয়োজন বলে মনে করছেন জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর মাত্র দুদিনের ব্যবধানে সেমিফাইনালে নামতে হবে বাংলাদেশকে। তার ওপর চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে গেছেন। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফুটবলারকে। বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মণও পুরোপুরি ফিট নন। এমন পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখার ওপর জোর দিয়েছেন জামাল। তিনি বলেন, ‘পুরো স্কোয়াডই দরকার আমাদের। কারণ গতকাল (বুধবার) ম্যাচ ছিল, দুদিন পর আবার ম্যাচ আছে। সাদ উদ্দিন চোট পেয়েছে, হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলেছে।’

দলের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন জামাল। দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবারের সাফে আর্মব্যান্ড উঠেছে হামজা চৌধুরীর হাতে। নেতৃত্বের এই পরিবর্তন নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বরং হামজার নেতৃত্ব ও পারফরম্যান্সে সন্তুষ্ট অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার মতে, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে অধিনায়ক হিসেবে পাওয়া দলের জন্য ইতিবাচক। জামালের ভাষায়, ‘হামজা অধিনায়ক হওয়ার যোগ্য। সে ভালো খেলছে। হামজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড়। অবশ্যই সে দলের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় খেলোয়াড়। ওকে নিয়ে আমি ভীষণ খুশি।’

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শ্রীলঙ্কা  বাংলাদেশ  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: