প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ এএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীতগুঞ্জন শেষে এবার চূড়ান্ত হয়েছে সূচি। আগামী বছরের ১৯ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফলে দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো নিজের দেশের মাটিতে কোনো ক্লাবের জার্সিতে খেলতে পারেন লিওনেল মেসি।
রিভার প্লেট তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গত ৬ অক্টোবর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন মেসি। এবার ক্লাবের হয়ে একই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
এর আগে আর্জেন্টিনার মাটিতে বিভিন্ন প্রদর্শনী ও বিদায়ী ম্যাচে অংশ নিয়েছেন মেসি। তবে বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে কখনোই সেখানে কোনো ক্লাব ম্যাচ খেলেননি তিনি। রিভার প্লেটের বিপক্ষে ম্যাচটি তাই তার ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে।
অবশ্য রিভার প্লেটের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা মেসির রয়েছে। ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে খেলেছিলেন তিনি। জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। মেসি একটি এবং লুইস সুয়ারেজ দুটি গোল করেছিলেন।
তবে আগামী ১৯ জানুয়ারির ম্যাচে মেসি মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ইন্টার মায়ামির চূড়ান্ত প্রাক্-মৌসুম পরিকল্পনা ও দল ঘোষণার ওপর তার খেলা নির্ভর করছে। মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও এই সফরে দলের সঙ্গে থাকতে পারেন।
সূচি চূড়ান্ত হওয়ায় মেসিকে আবারও আর্জেন্টিনার মাটিতে দেখার অপেক্ষায় এখন তার ভক্তরা।
সময়ের আলো/কেএইচও