প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৮ এএম
উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা । ছবি : সংগৃহীত লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলার শুরুটা সুখকর হলো না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিংবদন্তি এই ফুটবলারের জাতীয় দল ছাড়ার পর নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল স্কালোনির দলকে।
শনিবার (১৪ নভেম্বর) লা বোম্বোনেরায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উরুগুয়ের হয়ে গোল দুটি করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। অন্যদিকে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসে হুলিয়ান আলভারেজের পা থেকে। ম্যাচে একটি আত্মঘাতী গোলও হজম করেন স্বাগতিকদের লিওনার্দো বালের্দি।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কোনো দল। একাধিক সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে উরুগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুই দলকে।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির অদ্ভুত ক্লিয়ারেন্স থেকে আত্মঘাতী গোল পায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। এতে ম্যাচে অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সফরকারীরা।
৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় আর্জেন্টিনা। এরপর সমতাসূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। তবে উরুগুয়ের রক্ষণ ভাঙতে না পারায় শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্বচ্যাম্পিয়নদের।
উল্লেখ্য, গত মাসে এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি। তাঁর বিদায়ের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। চলতি বছরের শেষ হওয়ার আগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার (১৮ নভেম্বর) কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে দলটি।
এদিকে, আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ঐতিহাসিক রিও দে লা প্লাতা ডার্বিতে এটি ছিল ১৯৮তম লড়াই। মুখোমুখি পরিসংখ্যানে এখনো এগিয়ে আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে আর্জেন্টিনার জয় ৯২টি, উরুগুয়ের ৫৯টি এবং ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।
সময়ের আলো/এসকে