আত্মবিশ্বাসী শান্ত, বাভুমার অস্বস্তি । ছবি : সংগৃহীতদক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাস শুধুই হতাশার। আট ম্যাচ খেলে আটটিতেই হার, পাঁচটিতে আবার ইনিংস ব্যবধান। এমনকি সবচেয়ে কম ব্যবধানের পরাজয়টিও ২২০ রানের। অতীতের সেই দুঃসহ স্মৃতি সঙ্গে নিয়েই এবার প্রোটিয়াদের মুখোমুখি বাংলাদেশ। তবে পরিসংখ্যানের ভারে নুয়ে পড়তে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং দলের সামর্থ্যে তার বিশ্বাস বেশ দৃঢ়।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার তো অনেক বিশ্বাস (দক্ষিণ আফ্রিকায় এবার ভালো করার)। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের পক্ষে খুব বেশি প্রমাণ নেই। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে থেকেও একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারেনি দল।
এসব ব্যর্থতা নিয়ে অতিরিক্ত ভাবতে চান না শান্ত। তার মতে, ভুলগুলো চিহ্নিত করে সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়াই এখন জরুরি। তিনি বলেন, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। তবে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে সামনে কীভাবে ভালো করতে পারি এটা গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। সেই সফরে টেস্টে ব্যর্থ হলেও ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ। এবার সাদা পোশাকেও সেই সাফল্যের প্রেরণা কাজে লাগাতে চান শান্ত। তিনি বলেন, ‘এর আগে দক্ষিণ আফ্রিকাতে এসে ওয়ানডে সিরিজ জিতেছি। এটা আত্মবিশ্বাস দেবে। একটা উদাহরণ আমাদের সামনে আছে যে, এখানেও ভালো খেলা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব। অবশ্যই এটা আত্মবিশ্বাস দেবে। তবে দিন শেষে সেরাটা খেলতে হবে। আমরা যে পরিকল্পনা করেছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে।’
ওয়ান্ডারার্সের পেস সহায়ক কন্ডিশনে বোলারদের ওপর বাড়তি দায়িত্ব দেখছেন শান্ত। একাদশ চূড়ান্ত না হলেও পেসারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা তার। পাশাপাশি প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার ওপরও জোর দিয়েছেন অধিনায়ক।
তবে বাংলাদেশের বোলিং নিয়ে কিছুটা অস্বস্তিতে প্রোটিয়া অধিনায়ক। বিশেষ করে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বেশ সতর্ক। অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স তাদের নজরে ছিল। তিনি বলেন, ‘ব্যাটার হিসেবে আমরা তাদের যথেষ্ট সমীহ করি। অস্ট্রেলিয়ায় তারা যেভাবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল, সেটা আমরা দেখেছি। বাংলাদেশেও তাদের বিপক্ষে খেলেছি। সেখানকার কন্ডিশন পক্ষে ছিল না, তবে আমরা বুঝতে পেরেছি কন্ডিশন অনুকূলে থাকলে তাদের বোলাররা কীভাবে ব্যাটারদের চাপে ফেলতে পারে।’
বাংলাদেশের বোলিং সামর্থ্য মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে প্রোটিয়ারা। বাভুমা বলেন, ‘সেই বিষয়টি মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের ব্যাটাররা নিজেদের বোলারদের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পেয়েছে। আমাদের বোলারদের সামলানোও সবসময় আনন্দদায়ক নয়। প্রস্তুতির দিক থেকে আমার মনে হয়, যা যা করা প্রয়োজন আমরা করেছি। বাংলাদেশের যে বোলিং আক্রমণ আসছে, সেটি বেশ রোমাঞ্চকর।’
সময়ের আলো/প্রিন্ট/এসকে