প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
অলিম্পিক গেমস। সংগৃহীত ছবি১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচ। এ আসরের পুরুষ বিভাগের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
পুরুষ ও নারী— উভয় বিভাগে ছয়টি করে দল অলিম্পিকে অংশ নেবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, বিভিন্ন মহাদেশের শীর্ষ চার দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। স্বাগতিক যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেবে। বাকি একটি জায়গার জন্য অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।
বাংলাদেশে অনুষ্ঠেয় পুরুষদের বাছাইপর্বে অংশ নেবে আটটি দল। চারটি করে দল নিয়ে গঠন করা হবে দুটি গ্রুপ। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট। এই বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশও।
অন্যদিকে, নারীদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২০২৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
এর আগে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। সেবার মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৮ সালে ছয় দলের প্রতিযোগিতার মধ্য দিয়ে অলিম্পিকে ফিরছে ক্রিকেট।
সময়ের আলো/ইউএমএইচ