গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইসলামিক বন্ড ছাড়বে সরকার

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থের জোগান দিতে ৩ হাজার কোটি টাকার ইসলামি বন্ড বা সুকুক ইস্যু করতে যাচ্ছে সরকার। ১৮২ দিন

2026-11-15T23:15:14+00:00
2026-11-15T23:15:14+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
মুনাফা হবে সাড়ে ৭ শতাংশ
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইসলামিক বন্ড ছাড়বে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থের জোগান দিতে ৩ হাজার কোটি টাকার ইসলামি বন্ড বা সুকুক ইস্যু করতে যাচ্ছে সরকার। ১৮২ দিন মেয়াদি এই বিনিয়োগে বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। আগামী ১ ডিসেম্বর এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে। সফল বিনিয়োগকারীদের মুনাফাসহ মূল অর্থ পরিশোধ করা হবে আগামী বছরের ২ জুন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র অর্থায়নে ইজারা পদ্ধতিতে (সুকুক আল-ইজারা) এই বন্ড ইস্যু করা হবে। সুকুকটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এর মেয়াদ হবে ১৮২ দিন।

নির্ধারিত মুনাফার হার অনুযায়ী পুরো মেয়াদে বিনিয়োগকারীদের মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা দেওয়া হবে। মেয়াদ শেষে এককালীন এই মুনাফা পরিশোধ করবে সরকার। সুকুকটির মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন।

নিলাম হবে অনলাইনে

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শারিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে নিলাম কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনিয়োগকারীরা অনলাইনে দরপ্রস্তাব জমা দিতে পারবেন।

এ জন্য বিনিয়োগকারীদের নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডি ব্যবহার করতে হবে। নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিলামে সফল দরদাতাদের অনুকূলে কতটুকু সুকুক বরাদ্দ করা হয়েছে, তা ১ ডিসেম্বর বেলা ৩টায় সংশ্লিষ্ট এসআই আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

যারা বিনিয়োগ করতে পারবেন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশ নিতে পারবে।

এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের জন্যও এ সুকুকে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।


বিনিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন অঙ্ক নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। এর পর থেকে ১০ হাজার টাকার গুণিতক যেকোনো পরিমাণ অর্থের সুকুক কেনার জন্য আবেদন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুকুকের নিলাম আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন পেয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   গ্রামীণ অবকাঠামো  উন্নয়ন  ইসলামিক বন্ড  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: