প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম
ছবি : সংগৃহীতআইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে নিতে চায় সরকার। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে ফেব্রুয়ারির মধ্যে ঋণের পরিমাণ, শর্ত ও সংস্কার পরিকল্পনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। নতুন কর্মসূচিতে ৪৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা থাকলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। কিছু বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রয়েছে। জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, আগের সরকারের সময়ে নেওয়া ঋণ কর্মসূচির কিছু শর্ত বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এসব সংস্কার একসঙ্গে বাস্তবায়ন করলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি হতে পারে। তাই ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে সংস্কার করতে চায় সরকার। তবে আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।
২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে। পরে কর্মসূচির পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে প্রায় ৩৮০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তি ছাড় নিয়ে জটিলতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩ জুন নতুন ঋণ কর্মসূচির আবেদন করে সরকার।
নতুন কর্মসূচিতে রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, বিনিময় হার ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। আইএমএফের তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে।
অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থায়ন পরিকল্পনা শুধু আইএমএফের ঋণে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাংক, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক বন্ডবাজার ও দ্বিপক্ষীয় উৎস থেকেও অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনা করা হচ্ছে।
অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং বিকল্প অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি