ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ করছে মার্কিন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস)

2026-11-15T23:29:14+00:00
2026-11-15T23:29:14+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ করছে মার্কিন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস) তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল রোববার ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ পিস শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস (অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ এবং সিøপ-অন সিরিজ) উৎপাদন করবে। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি এবং সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এই পণ্যগুলো ল’রিয়েল, ওয়েলা, কাও এবং হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হবে। কোম্পানিটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার রফতানি আয় হবে বলে আশা করা হচ্ছে এবং কোম্পানিটিতে ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে অপ্রচলিত ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের রফতানি ঝুড়ি বৈচিত্র্যময় করার ক্ষেত্রে বেপজার চলমান প্রচেষ্টায় এই বিনিয়োগ আরও একটি নতুন মাইলফলক যুক্ত করল।

বেপজার পক্ষে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পক্ষে বিডি লেপাচু লিমিটেড জেনারেল ম্যানেজার মি. হে ঝি লং, চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি বৈচিত্র্যময় খাতে যুক্তরাষ্ট্রসহ ও অন্যান্য দেশের বিনিয়োগ আকর্ষণে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং কারখানা স্থাপন ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিডি লেপাচু লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অক্টোবর ২০২৬ পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৮টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেড থেকে এ পর্যন্ত মোট ২,৩৭১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রফতানি হয়েছে এবং প্রকৃত বিনিয়োগ এসেছে ২৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যার মাধ্যমে ২০,৯২৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।

উল্লেখ্য ঈশ্বরদী ইপিজেডে বিদ্যমান চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা (উইগ) এবং কসমেটিকস পণ্য উৎপাদন করছে যা তৈরি পোশাকের বাইরে বৈচিত্র্যময় উৎপাদন শিল্পের উদীয়মান কেন্দ্র হিসেবে এই ইপিজেডের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ঈশ্বরদী ইপিজেড  ৫০ লাখ ডলার  বিনিয়োগ  মার্কিন প্রতিষ্ঠান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: