মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

এসএম আলমগীর

বিজনেস

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার। এ দিন শ্রম ভবনে বৈঠকটি

2026-11-16T01:20:53+00:00
2026-11-16T01:20:53+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজনেস
মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক আজ
মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি
এসএম আলমগীর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২০ এএম 
ছবি : সংগৃহীত
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার। এ দিন শ্রম ভবনে বৈঠকটি শুরু হবে সকাল ১১টায়। আজকের বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষের ন্যূনতম মজুরি প্রস্তাব থাকবে ১৫ হাজার টাকার কাছাকাছি। 

তবে সেটি ১৫ হাজার টাকার নিচে থাকার সম্ভাবনাই বেশি। গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছিল ৩২ হাজার টাকা। মালিকপক্ষ যদি ১৫ হাজার টাকা প্রস্তাব করেন তা হলে সেটি হবে শ্রমিক পক্ষের প্রস্তাবের চেয়ে ১৭ হাজার টাকা কম। 

জানা গেছে, গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠকের পর গতকাল রোববারও শিল্প মালিকদের দুই সংগঠনের নেতারা মজুরি প্রস্তাবের বিষয়ে বৈঠক করেন। তাতে অধিকাংশই ১৫ হাজারের নিচের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার পক্ষে মত দেন। তার আলোকেই এই প্রস্তাব পেশ করা হবে বলে জানা গেছে। 

তবে আজ সোমবার সকালে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আবারও বৈঠকে বসবেন মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধিকে নিয়ে। এই বৈঠকেই মালিক পক্ষের প্রস্তাব চূড়ান্ত করা হবে। আজ সকালে বৈঠক করে যে প্রস্তাব চূড়ান্ত করা হবে, সেটিও ১৫ হাজারের কাছাকাছিই থাকবে বলে গার্মেন্টস মালিকদের এক শীর্ষ নেতা সময়ের আলোকে নিশ্চিত করেন। 

এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর দুই শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে সময়ের আলোকে বলেন, সরকার ও শ্রমিকসহ সব পক্ষকে এটা মাথায় রাখা দরকার যে, আগে ৫ বছর পর পর মজুরিবোর্ড গঠন করা হতো। ৫ বছরের মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরি নির্ধারণ করা হতো। এবার কিন্তু ৩ বছর পরই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বিগত তিন বছরের মূল্যস্ফীতির হার ধরলে ২২ থেকে ২৫ শতাংশের বেশি মজুরি বৃদ্ধির করা কথা না। সে ক্ষেত্রে যদি আমরা ৩০ শতাংশও ধরি তা হলেও এখন ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সে আলোকেই প্রস্তাব চূড়ান্ত করব। 

গত কয়েক দিন দফায় দফায় আমরা বসে এ রকম সিদ্ধান্ত নিয়েছি। তারপরও আজ সোমবার সকালে আমরা আবার বসব। এই বৈঠকেই আমরা প্রস্তাব চূড়ান্ত করে আমাদের প্রতিনিধির মাধ্যমে মজুরি বোর্ডে জমা দেব। শ্রমিক পক্ষ যেখানে ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে, সেখানে মালিক পক্ষ যদি ১৫ হাজার টাকা প্রস্তাব দেয়— তা হলে শ্রমিকরা কি সেটা সহজে মেনে নেবে। 


এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিক পক্ষ তো অবাস্তব একটা মজুরি প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, তাদের এই প্রস্তাব অনেকটা উসকানিমূলক। কেন না— ৩২ হাজার টাকা প্রস্তাব তারা কিসের ভিত্তিতে দিয়েছে। তারা এই প্রস্তাব দিয়েছেই মূলত শ্রমিককে ক্ষেপিয়ে তোলার জন্য। কারণ তাদের প্রতিনিধির দেওয়া ৩২ হাজারের জায়গায় যখন মালিক পক্ষ থেকে ১৫ হাজারের কাছে প্রস্তাব দেওয়া হবে— এটা দেখেই শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে যাবে। 

কিন্তু এভাবে অবাস্তব প্রস্তাব দিয়ে শ্রমিক ক্ষেপিয়ে তুললে তো আমাদের কিছু করার নেই। আমরা তো মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে এবং শিল্পের সক্ষমতা বিবেচনা করে বাস্তবভিত্তিক প্রস্তাব জমা দেব বোর্ডে। আশা করব শ্রমিক পক্ষ এবং মজুরি বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা আমাদের বাস্তবভিত্তিক মজুরি প্রস্তাবের আলোকেই ন্যূনতম মজুরি চূড়ান্ত করবে।

অন্যদিকে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এ বিষয়ে সময়ের আলোকে বলেন, আমরা মজুরি প্রস্তাব চূড়ান্ত করে ফেলেছি। সোমবারের বৈঠকে মালিক পক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডে আমাদের প্রস্তাব জমা দেবেন। বিষয়টি যেহেতু কনফিডেনশিয়াল— তাই আমরা আসলে মজুরি প্রস্তাব কত দিচ্ছি— সেটি এখনই বলা যাচ্ছে না। 

সোমবারের বৈঠকের পরই সবাই জানতে পারবেন। তবে একদিকে যেখানে মজুরি বোর্ডের বৈঠক চলছে, সেখানে শ্রমিকদের কারখানা ছেড়ে রাস্তায় নেমে আন্দোলন করা মোটেই সমীচীন হচ্ছে না। আমরা শ্রমিকদের প্রতি আহ্বান জানাব— তারা যেন আন্দোলন ছেড়ে কাজে যোগ দেয়। 

জানা যায়, গত ৯ নভেম্বরের বৈঠকে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব জমা দেন। এর মধ্যে মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্যসহ অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা। শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বলেন, জীবনযাত্রার ব্যয়, বাজারদর ও শ্রমিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এই প্রস্তাব তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত মজুরি কাঠামোয় পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড এবং শিক্ষানবীশদের জন্য পৃথক মজুরি নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য। গ্রেড-২, গ্রেড-৩ ও গ্রেড-৪-এর শ্রমিকদের প্রস্তাবিত মজুরি যথাক্রমে ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা। আর তিন মাসের শিক্ষানবীশকালীন মজুরি প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা। গ্রেড-১-এ রয়েছেন কারখানার সিনিয়র অপারেটররা।

তাদের জন্য মোট মজুরির ৬০ শতাংশ হিসাবে ২৮ হাজার ৮০০ টাকা মূল মজুরি, ৫০ শতাংশ হিসাবে ১৪ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে তাদের মাসিক মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা। গ্রেড-২-এ রয়েছেন কারখানার বিভিন্ন ধরনের মেশিন পরিচালনা ও কাজ করানোর দায়িত্বে থাকা শ্রমিকরা। তাদের জন্য ২৫ হাজার ৮০০ টাকা মূল মজুরি, ১২ হাজার ৯০০ টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি হবে ৪৩ হাজার টাকা।

গ্রেড-৩-এ রয়েছেন জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করানোর দায়িত্বে থাকা শ্রমিকরা। তাদের জন্য ২২ হাজার ৮০০ টাকা মূল মজুরি, ১১ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩৮ হাজার টাকা। গ্রেড-৪-এ রয়েছেন হেল্পার ও বিভিন্ন ধরনের সহায়ক কাজ করা শ্রমিকর। তাদের জন্য ১৯ হাজার ২০০ টাকা মূল মজুরি, ৯ হাজার ৬০০ টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি হবে ৩২ হাজার টাকা।

এ ছাড়া তিন মাসের শিক্ষানবীশকালীন শ্রমিকদের জন্য ১৮ হাজার টাকা মূল মজুরি, ৯ হাজার টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে তাদের মাসিক মজুরি হবে ৩০ হাজার টাকা।


মজুরি বোর্ডের প্রতিনিধিদের কারখানা পরিদর্শন : অন্যদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে প্রতিনিধি দল রোববার নারায়ণগঞ্জের তিনটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। কারখানা তিনটি হচ্ছে— ফকির নিটওয়্যার, আইএফএস টেকওয়্যার লিমিটেট এবং প্রমিনেন্ট নিটওয়্যার। 

কারখানা পরিদর্শনের বিষয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সময়ের আলোকে বলেন, গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল— বেশ কিছু শিল্প এলাকার গার্মেন্টস কারখানা সরেজমিন পরিদর্শন করবেন মজুরি বোর্ডের সদস্যরা। তার আলোকেই আমরা রোববার নারায়ণগঞ্জের তিনটি কারখানা পরির্দশনে যাই। এর আগেও গাজীপুর ও আশুলিয়ার কয়েকটি কারখানা আমরা পরিদর্শন করি। এ সময় আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, মালিকদের সঙ্গে কথা বলেছি। সব পক্ষের সঙ্গে কথা বলেই আমরা একটি ভালো মজুরি কাঠমো চূড়ান্ত করব।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   মালিকপক্ষ  মজুরি বোর্ড  শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: